Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রেলগেট ভেঙে লাইনেই উল্টে গেল ডিম ভর্তি পিকআপ, আটকে একাধিক ট্রেন 

রেলগেট ভেঙে লাইনেই উল্টে গেল ডিম ভর্তি পিকআপ, আটকে একাধিক ট্রেন 
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: তালিত রেলগেটে ধাক্কা মেরে ডিমভর্তি একটি পিকআপ ভ্যান রেল লাইনের উপর পড়ে। তার জেরে ন’টি মেল এবং এক্সপ্রেস ট্রেন বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে যায়। বর্ধমান-রামপুরহাট এবং বর্ধমান-আসানসোল শাখার যাত্রীদের নাকাল হতে হয়। রাজধানী এক্সপ্রেস এবং বন্দেভারত কিছুক্ষণের জন্য বর্ধমান স্টেশনে থমকে যায়। সকাল ৯টা ১৩-র পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এমনিতেই রেলগেটের জন্য বর্ধমান-সিউড়ি রোডে যানজট লেগেই থাকে। এদিন ওই ঘটনার পর গেটের দু’দিকেই ব্যাপক যানজট তৈরি হয়। রেলগেট সারানোর বেশ কিছুক্ষণ পর যান চলাচল স্বাভাবিক হয়। 
Advertisement
রেল জানিয়েছে, ৮টা ২০মিনিট নাগাদ ডিম ভর্তি পিকআপ ভ্যানটি রেলগেটে ধাক্কা মেরে উল্টে যায়। গেটের কিছুটা অংশ বেঁকে যায়। রেল লাইন থেকে পিকআপ ভ্যানটিকে সরানোর পর ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পুলিস পিকআপ ভ্যানটি বাজেয়াপ্ত করেছে। চালকও গ্রেপ্তার হয়েছে। 
আরপিএফের এক আধিকারিক বলেন, তড়িঘড়ি করে রেলগেট পার হতে গিয়ে এই সমস্যা হচ্ছে। রেলগেট দূর থেকে নামানো হচ্ছে দেখে চালকরা দ্রুত গতিতে গাড়ি নিয়ে আসছে। ততক্ষণে রেলগেট নামানো হয়ে যাচ্ছে। তখন আর চালক গতি নিয়ন্ত্রণ করতে না পেরে গেটে ধাক্কা মারছে। পথচারী শম্ভুনাথ হালদার বলেন, তালিত রেলগেট যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। একবার গেট পড়লে কখন যে তা উঠবে জানা নেই। দুর্ঘটনা হলে তো কথা নেই। ঘণ্টার পর ঘণ্টা রাস্তার উপর দাঁড়িয়ে থাকতে হয়। এদিন তেমনটাই হয়েছিল। দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। 
সিউড়ির দিক থেকে বহু অ্যাম্বুলেন্স বর্ধমানে আসে। অ্যাম্বুলেন্সও আটকে যাওয়ায় রোগীরা সমস্যায় পড়েছিলেন। গাড়ি চালক মন্টু কৈবর্ত্য বলেন, হামেশাই এরকম দুর্ঘটনা হচ্ছে। রেলওয়ে ওভারব্রিজ তৈরি না হলে সমস্যার সমাধান হবে না। বর্ধমানের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসের এক কর্মী বলেন, প্রতিদিনই দুর্গাপুর থেকে আসি। সকাল সাড়ে ৯টার মধ্যে বর্ধমান ঢুকে যাই। এদিন ট্রেন বর্ধমান স্টেশনের ১০টার পর ঢোকে। 
রেল সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে কালনাগেটের কাছেও একই রকম ঘটনা ঘটেছিল। একটি ট্রাক সেই রেলগেটে ধাক্কা মারে। তার জেরে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়। গাড়ি আটকে যাওয়ার কারণে রাস্তার দু’পাশে যানজট তৈরি হয়। এক আধিকারিক বলেন, বর্ধমানের প্রায় ৩০টি রেলগেট সরানো হবে। তারমধ্যে তালিত রেলগেটও রয়েছে। সেখানে রেলওয়ে ওভারব্রিজ তৈরি হবে। প্রথম দিকে জমি নিয়ে সমস্যার জন্য কাজ পিছিয়ে যাচ্ছিল। এখন সেই সমস্যা অনেকটাই মিটে গিয়েছে। ওভারব্রিজ তৈরির প্রক্রিয়া শুরু হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বহুদিন ধরে ওভারব্রিজ তৈরির দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে রেলের টনক নড়েছে। এদিন ডিম ভর্তি পিকআপভ্যান উল্টে বিপত্তি হওয়ায় অনেকে রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাঁদের দাবি, ওভারব্রিজের প্রক্রিয়া আগে শুরু হলে এই সমস্যা হতো না।
সম্পর্কিত সংবাদ