Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রেল লাইনের মাঝখান দিয়ে যাতায়াত বন্ধ, তুমুল বিক্ষোভ কাটোয়ায় 

রেল লাইনের মাঝখান দিয়ে যাতায়াত বন্ধ, তুমুল বিক্ষোভ কাটোয়ায় 
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাটোয়া: কাটোয়া শহরের কেশিয়া রেলফটক এলাকায় রেললাইন পার হয়েই যাতায়াত করেন স্থানীয় বাসিন্দারা। কেশিয়া মাঠপাড়া ও কেশিয়ার মধ্যে যাতায়াতের মূল রাস্তাই রেললাইন। মঙ্গলবার যাতায়াতের রাস্তা বন্ধ করে রেলফটক ঘিরে দেওয়া নিয়ে তুমুল উত্তেজনা ছড়ায়। রেললাইনের উপর বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দা ও তৃণমূল। তারপরই যাতায়াতের রাস্তা ছেড়ে রেল লোহার পিলার বসিয়েছে। কাটোয়া আরপিএফের ইন্সপেক্টর আশুতোষ বন্দ্যোপাধ্যায় বলেন, রেললাইন ঘিরে দেওয়ার পরিকল্পনা অনেকদিনের। দুর্ঘটনা এড়াতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আপাতত যাতায়াতের রাস্তা ছেড়ে বাকি অংশ ঘিরে দিয়েছি।  শহরের ১৯ নম্বর ওয়ার্ডের কেশিয়া এলাকায় রেলফটকের সমস্যা দীর্ঘদিনের। কাটোয়া স্টেশন থেকে বেশ কিছুটা দূরে আজিমগঞ্জ-কাটোয়া শাখার মধ্যেই কেশিয়া পাড়াকে দু’ভাগে ভাগ করেছে রেললাইন। কেশিয়া মাঠপাড়া, কুলডাঙার বাসিন্দাদের রেললাইন পার হয়েই কেশিয়া হয়ে কাটোয়া শহরের বাজারে আসতে হয়। সারাদিনে কয়েক হাজার মানুষ রেললাইন পেরিয়েই ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। পড়ুয়ারাও স্কুলে যায়। এমনকী রোগীদেরও রেললাইন পার হয়েই যাতায়াত করতে হয়।  
Advertisement
এদিন সকালে রেল ফটকের দু’দিকে লোহার পিলার বসিয়ে যাতায়াতের রাস্তা ঘিরতে যায়। তাতে সমস্যায় পড়ে যান স্থানীয় বাসিন্দারা। বহু মানুষ রেললাইনের উপর বিক্ষোভ দেখান। পরে তৃণমূল নেতারাও আন্দোলন শুরু করেন। তৃণমূল নেতা বিশ্বনাথ সাহা সহ অন্যান্য নেতারা আন্দোলনে যোগ দেন। আরপিএফের সঙ্গে তুমুল বচসা হয়। আন্দোলনের জেরে পিছু হটে রেল। ঠিক হয় যাতায়াতের জন্য ৬ ফুটের রাস্তা ছেড়ে বাকি অংশ ঘিরে দেওয়া হবে। 
সম্পর্কিত সংবাদ