Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রেলে চাকরির প্রতারণায় এবার ধৃত ভুয়ো রেল কর্তা

রেলে চাকরির প্রতারণায় এবার ধৃত ভুয়ো রেল কর্তা
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ভুয়ো রেল আধিকারিক ‘ভর্মাজি’কে জালে তুলল পুলিস। পুলিস মনে করছে রেলের চাকরি প্রতারণা চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই ব্যক্তির। ভর্মাজির আসল নাম বিকাশ আগরওয়াল। বাড়ি হাওড়ার জগাছায়। প্রীতি ও হরেন্দ্রর নির্দেশে বিভিন্ন ভুয়ো পরীক্ষাকেন্দ্রে গিয়ে রেলের আধিকারিক সেজে নানা নথি যাচাই করত ভর্মাজি। কোটি কোটি টাকার এই চাকরি প্রতারণায় পুলিস এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে। ‘বর্তমান’ পত্রিকায় ধারাবাহিক ভাবে এই প্রতারণা চক্রের খবর প্রকাশিত হওয়ার পর বহু প্রতারিত পুলিসের দ্বারস্থ হচ্ছেন বলে জানা গিয়েছে। আসানসোল দক্ষিণ থানার পুলিসে ছ’লক্ষ টাকা প্রতারণার অভিযোগে এই গ্যাংয়ের বিরুদ্ধে নতুন মামলা রুজু হয়েছে। তদন্তে পুলিসের হাতে এসেছে বহু অ্যাকাউন্টের নথি। অ্যাকাউন্টগুলি বাজেয়াপ্ত করছে পুলিস। 
Advertisement
ডিসি ধ্রুব দাস বলেন, রেলের চাকরির নাম করে বহু মানুষকে প্রতারিত করেছে এই গ্যাংটি। তাদের জাল দেশজুড়ে ছড়িয়ে রয়েছে। আমরা এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছি। 
রেলের চাকরি দেওয়ার নাম করে প্রতারণার ঘটনায় তদন্ত ক্রমশ গুটিয়ে আনছে পুলিস। পুলিস সূত্রে দাবি, এই চক্রের হাতে দেশের বহু মানুষ প্রতারিত হয়েছেন। তারা বিভিন্ন জায়গায় রেলের চাকরির টোপ দেওয়ার জন্য এজেন্ট রাখত। তাদের কাজ ছিল শুধুমাত্র শিকারকে মূল গ্যাংয়ের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার। হরেন্দ্রর নির্দেশে তারপর খেলা শুরু হতো প্রীতির। মিষ্টি কথায় প্রীতি অরোরা বুঝিয়ে দিত রেলের চাকরির গুরুত্ব। তারপরই ফর্ম ফিলাপ থেকে পরীক্ষা দেওয়ানো, মেডিক্যাল করানোর নামে দফায় দফায় প্রতারিতদের কাছে টাকা নিত এই গ্যাং। প্রীতি অরোরা যেভাবে রেলের আধিকারিক সাজত, তেমনি রেলের আধিকারিক ভর্মাজির ভূমিকায় এই প্রতারণার  চিত্রনাট্যে অভিনয় করত বিকাশ। সে ভুয়ো পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীদের নথি যাচা‌ই঩য়ের কাজ করত। পুলিস আগেই হরেন্দ্র, প্রীতি সহ দু’জনকে জালে তুলেছিল। এবার গ্রেপ্তার হল বিকাশ। বিকাশ স্বীকার করেছে, আসানসোল, জামশেদপুরে এভাবে আধিকারিক সেজে গিয়ে ভুয়ো পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের নথি যাচাই করেছে। যদিও তার দাবি, সে এই গ্যাংয়ের মাস্টারমাইন্ড নয়। অল্প টাকার বিনিময়ে তাকে দিয়ে এই কাজ করানো হয়েছে। পুলিস এই গ্যাংয়ের আরও কয়েকজন বড় মাথার খোঁজ পেয়েছে। পুলিস তাদের খোঁজে ভিন রাজ্যে গিয়েও তল্লাশি চালাচ্ছে। 
পুলিসে এই চক্রের পর্দা ফাঁস হতেই রেলের চাকরি পাওয়ার লোভে টাকা দিয়ে প্রতারিত হওয়া মানুষ পুলিসের সঙ্গে যোগাযোগ করছে। বহুক্ষেত্রেই প্রীতি গ্যাংয়ের মতো অন্য গ্যাংয়ের তথ্যও সামনে আসছে। দেশজুড়ে রেলের চাকরির নামে ছড়িয়ে পড়া প্রতারণা চক্রের হদিশ মিলছে পুলিসি তদন্তে। 
সম্পর্কিত সংবাদ