Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রক্ষাকবচের আর্জি, ডিভিশন বেঞ্চে অর্জুন 

রক্ষাকবচের আর্জি, ডিভিশন বেঞ্চে অর্জুন 
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার সিআইডি তলবের প্রেক্ষিতে  রক্ষাকবচের আর্জি জানিয়ে মঙ্গলবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন বারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। পুর দুর্নীতি মামলায় উপনির্বাচনের ঠিক আগের দিন অর্জুনকে ভবানীভবনে হাজিরার দিতে বলে নোটিস পাঠিয়েছিল সিআইডি। সেই নোটিস চ্যালেঞ্জ করে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হন তিনি। মামলার প্রেক্ষিতে আদালত জানিয়েছিল, উপনির্বাচনের আগে নয় তার পরের দিন অর্থাৎ ১৪ নভেম্বর অর্জুনকে হাজিরা দিতে হবে। তাঁকে চার ঘণ্টার বেশি জেরা করতে পারবে না রাজ্য গোয়েন্দা সংস্থার কর্তারা। হাজিরার নির্দেশ দিলেও অর্জুনকে কোনও রক্ষাকবচ দেয়নি সিঙ্গল বেঞ্চ। তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না বলেও মৌখিক ভাবে জানিয়েছিল সিঙ্গল বেঞ্চ। কিন্তু কোনও তারিখের উল্লেখ করা হয়নি। এই অবস্থায় তাই রক্ষাকবচের আর্জি নিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন তিনি। বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছে। আজ বুধবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, চারবছর আগে ভাটপাড়া পুরসভার একটি মামলায় অর্জুনকে  তলব করেছিল সিআইডি। তাঁর অভিযোগ, উপ নির্বাচনের আগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডেকে পাঠাচ্ছে রাজ্যের গোয়েন্দা সংস্থা। এর নেপথ্যে রাজনৈতিক কারণ আছে বলে দাবি করেছিলেন তিনি।
Advertisement
সম্পর্কিত সংবাদ