করাচি: চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানকে ডার্ক হর্স ধরা হচ্ছিল। কিন্তু প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়লেন রশিদ খানরা। শুক্রবার করাচিতে আফগানদের ১০৭ রানে হারিয়ে মেগা আসরে পথচলা শুরু দক্ষিণ আফ্রিকার। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩১৫ রান তোলে প্রোটিয়ারা। দুরন্ত শতরান হাঁকান রায়ান রিকেলটন। ১০৬ বলে তাঁর ১০৩ রানের ইনিংস সাজানো ছিল ৭টি চার ও ১টি ছক্কায়। রান পান অধিনায়ক তেম্বা বাভুমা (৫৮), রাসি ফন ডার ডুসেন (৫২), আইডেন মার্করামও (অপরাজিত ৫২)। জবাবে ৪৩.৩ ওভারে ২০৮ রানেই গুটিয়ে যায় আফগানরা। লড়লেন একা রহমত শাহ (৯০)। কিন্তু অধিনায়ক হাসমাতুল্লাহ শাহিদি (০), রহমানুল্লাহ গুরবাজ (১০), ইব্রাহিম জাদ্রানরা (১৭) ব্যর্থ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজে হতশ্রী পারফরম্যান্স ছিল প্রোটিয়াদের। তবে এদিন অন্যতম ফেভারিটের মতোই দাপট দেখালেন বাভুমারা।



