যাত্রায় এক সময় পুরুষ শিল্পীরা নারী চরিত্রে অভিনয় করতেন। তাঁদের নামের সঙ্গে ‘রানি’ যোগ করা হতো। যেমন জনার্দনরানি, চপলরানি ইত্যাদি। তেমনই একজন ছিলেন ‘রাখালরানি’। প্রকৃত নাম রাখালচন্দ্র দাস। স্বাধীনতার আগে থেকে তিনি যাত্রায় অভিনয় করতেন। তাঁরই ৪১তম প্রয়াণদিবসে শ্রদ্ধা জানানো হল ইছাপুরের লাবণ্যপ্রভায়। সমাজের বিভিন্ন স্তরে যাঁরা নীরবে কাজ করেন, সেইরকম ছয়জন ব্যক্তিত্বকে সেদিনের অনুষ্ঠানে সম্মান জানানো হল। অনুষ্ঠানে পুরনো দিনের যাত্রার কথা শোনান অভিনেত্রী জয়শ্রী মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন নবাসন শ্রীরামকৃষ্ণ সারদা মঠ ও আশ্রমের সম্পাদিকা প্রব্রাজিক সহজানন্দময়ী, বিশিষ্ট যাত্রা গবেষক তরুণকুমার দে, ডাঃ দীপককুমার সরকার, কালিদাস ভট্টাচার্য, বাবুলাল দাস। পালাসঙ্গীত পরিবেশন করেন সুজিত চন্দ্র।



