নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কুম্ভ মেলায় মৃত্যুর ঘটনা নিয়ে সংসদে আলোচনার দাবিতে রাজ্যসভায় ‘মুলতুবি প্রস্তাবে’র নোটিস দিল বিরোধীরা। আজ সোমবার এই বিষয়ে আলোচনার দাবিতে সরব হবে কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, আরজেডির মতো দল। প্রশ্নোত্তর পর্ব হোক বা অন্য বিষয়, সভার যাবতীয় কাজ সরিয়ে রেখে কুম্ভ নিয়ে আলোচনা করতে হবে বলেই নোটিস জমা করা হয়েছে। যদিও বিজেপি শাসিত উত্তরপ্রদেশের ঘটনায় অস্বস্তি এড়াতে তাদের দেওয়া নোটিসে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকার রাজি হবেন না বলেই বিরোধীরা একপ্রকার নিশিত। চাপ বাড়াতে তারা বিজেপিরই এক অস্ত্র কাজে লাগাবে বলেই ঠিক করেছে। গত বছর ২৭ জুলাই দিল্লির এক কোচিং সেন্টারে এক দুর্ঘটনায় তিন ছাত্রের মৃত্যু হয়েছিল। ২৯ জুলাই বিজেপির দেওয়া নোটিসে এই বিষয়ে রাজ্যসভায় আলোচনা হয়েছিল। অনুমোদন করেছিলেন ধনকার।



