Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজ্যের বিদ্যুতের মিটার না থাকলে জলের সংযোগ মিলছে না, ক্ষোভ নিতুড়িয়াবাসীর

রাজ্যের বিদ্যুতের মিটার না থাকলে জলের সংযোগ মিলছে না, ক্ষোভ নিতুড়িয়াবাসীর
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রঘুনাথপুর: বাড়িতে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার বিদ্যুৎ-সংযোগ না থাকলে জলের সংযোগ দিচ্ছে না পিএইচই। এমনই অভিযোগ উঠল নিতুড়িয়া ব্লকের শালতোড় পঞ্চায়েতের দেওলি গ্রামে। ওই এলাকার অনেকের বাড়িতেই ইসিএলের বিদ্যুৎ-সংযোগ রয়েছে। মঙ্গলবার গ্রামের মহিলারা বিডিওকে লিখিত অভিযোগ জানান। অবিলম্বে জলের সংযোগ না দেওয়া হলে আগামী দিনে তাঁরা বড় আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। নিতুড়িয়ার বিডিও প্রবীরকুমার সিনহা বলেন, খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। এবিষয়ে পিএইচইর সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।
Advertisement
গ্রামে গ্রামে পরিস্রুত পানীয় জল সরবরাহের লক্ষ্যে পাইপলাইন পাতা হয়েছে। তার মাধ্যমে সরাসরি বাড়ি বাড়ি জলের সংযোগ দেওয়া হচ্ছে। অভিযোগ, যেসব বাড়িতে ডব্লিউএসইডিসিএলের বিদ্যুৎ-সংযোগ নেই, সেখানে জলের সংযোগ দেওয়া হচ্ছে না।
দেওলি গ্রামের বেশিরভাগ বাড়িতেই ইসিএল বিদ্যুৎ সরবরাহ করে। ফলে ওই সমস্ত বাড়িতে আলাদা করে রাজ্য সরকারের বিদ্যুৎ-সংযোগ নেওয়ার প্রয়োজন পড়েনি। অভিযোগকারী মহিলাদের মধ্যে কাজল বাউরি, সোনালি বাউরি বলেন, আমরা দিনমজুরের কাজ করে জীবনযাপন করি। তাই ইসিএলের বিনামূল্যে দেওয়া বিদ্যুৎ ব্যবহার করি। আলাদা করে বিদ্যুৎ-সংযোগ নেওয়ার টাকা নেই। অথচ এখন বিদ্যুৎ-সংযোগ না থাকার জন্য জলের সংযোগ দেওয়া হচ্ছে না। ওই গ্রামের বিজেপির পঞ্চায়েত সদস্য মিনা রাজোয়ার বলেন, একসপ্তাহ আগে গ্রামে প্রত্যেকের বাড়িতে জলের সংযোগ দেওয়ার জন্য পিএইচই’র লোক আসে। তাঁরা জানায়, যাঁদের বাড়িতে রাজ্য সরকারের বৈদ্যুতিক মিটার রয়েছে, তারাই জলের সংযোগ পাবে। বাকিরা কেউ পাবে না। ফলে ৭০টির বেশি পরিবার অসুবিধায় পড়েছে। গ্রামবাসীদের বঞ্চিত করা হলে আগামী দিনে বড় আন্দোলনে নামা হবে।
নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণপ্রসাদ যাদব বলেন, সমস্যার কথা জেনেই একটি বৈঠক করা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, রাজ্য সরকারের বিদ্যুৎ-সংযোগ না থাকলে জলের সংযোগ নিতে প্রধানের কাছে আবেদন করতে হবে। প্রধান পঞ্চায়েতের একটি প্যাডে নো-অবজেকশন সার্টিফিকেট লিখে দেবেন। তা পিএইচই দপ্তরে দিলেই জলের সংযোগ দেওয়া হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ