সংবাদদাতা, মালদহ: ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কর্মচারীদের সমবায় সমিতির নির্বাচনে উড়ে গেলেন সিপিএম প্রভাবিত রাজ্য সরকারি কর্মী সংগঠন কো-অর্ডিনেশন কমিটি সমর্থিত প্রার্থীরা। এই সমবায় সমিতির ন’টি আসনেই বিপুল ভোটে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন সমর্থিত প্রার্থীরা। শনিবার মালদহ টাউন হলে অনুষ্ঠিত এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৬৯ জন। তাঁদের মধ্যে ভোট দেন ২৪২ জন। ফল বেরোতেই দেখা যায় কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বিরোধীরা। প্রতিটি আসনেই বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূল সমর্থক প্রার্থীরা। ফেডারেশনের জেলা সভাপতি চিরঞ্জীব মিশ্র বলেন, ২০১৭ সালে এই সমবায় সমিতির শেষ ভোট হয়েছিল। বোর্ডের মেয়াদ পাঁচ বছর হলেও করোনা পরিস্থিতিতে তা বাড়ানো হয়। গত নির্বাচনে সব আসনে আমাদের সংগঠনের প্রার্থীরা জয়লাভ করেননি। তবে এবার আমরা ঐতিহাসিক জয় পেয়েছি। এই জয় প্রমাণ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারের প্রতি সরকারি কর্মচারীদের আস্থা রয়েছে। বিরোধীদের পায়ের তলায় মাটি নেই। তাই কর্মচারীরা ওঁদের ছুড়ে ফেলে দিয়েছেন।
Advertisement
ফেডারেশনের জেলা নেতৃত্বের দাবি, এই জয় আগামীদিনে বিভিন্ন পর্যায়ে তৃণমূলের সংগঠনকে আরও মজবুত করবে। চিরঞ্জীব বলেন, এই নির্বাচন বুঝিয়ে দিল, সিপিএমের দিক থেকে সরকারি কর্মীরা মুখ ফিরিয়ে নিয়েছেন। তাঁদের একমাত্র ভরসা এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



