Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজ্য সড়কে লরির সঙ্গে সংঘর্ষ, মৃত্যু বাইক চালকের

রাজ্য সড়কে লরির সঙ্গে সংঘর্ষ, মৃত্যু বাইক চালকের
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: শনিবার বহরমপুরে ভৈরব পুজোর অঞ্জলি দিয়ে প্রসাদ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম দেবাশিস শর্মা (৪২)। তাঁর বাড়ি বহরমপুর থানার সোদাবাইদ নিমতলা এলাকায়। তবে বর্তমানে দীর্ঘদিন ধরে তিনি পরিবার সহ হরিহরপাড়া থানার বহড়ানে থাকতেন। দেবাশিসবাবু পেশায় একটি ক্যাটারিং সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওইদিন দেবাশিসবাবু উপবাস করেছিলেন। রাত্রে ভৈরব পুজো দিয়ে প্রসাদ নিয়ে বহরমপুর-হরিহরপাড়া রাজ্য সড়ক ধরে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে গজধর পাড়ায় একটি লরির সঙ্গে তাঁর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় তিনি গুরুতর আহত হন।  স্থানীয় ও পুলিস তাঁকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিস দেবাশিসবাবুর মোবাইলের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।
Advertisement
দেবাশিসবাবুর এক আত্মীয় পবিত্র দাস বলেন, খবর পেয়ে হাসপাতালে ছুটে আসি। হাসপাতালে আসার পর তাঁকে মৃত অবস্থায় দেখতে পাই। তাঁর বাইকে তখনও প্রসাদের প্যাকেট ঝুলছিল।
পুলিস জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ঘাতক লরিটিকে আটক করা হয়েছে। লরির চালক পলাতক।
অন্যদিকে মন্দিরের সিঁড়িতে পড়ে গিয়ে এক সন্ন্যাসীর মৃত্যু হয়েছে। ওই সন্ন্যাসী মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার রাতে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম নরেশচন্দ্র বাগ (৫৬)। তাঁর বাড়ি কান্দি থানার বৈকর্ণ জিমপাড়া এলাকায়। সন্ন্যাসীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নরেশবাবু বহরমপুরের বরাবাজারের একটি শ্মশান সংলগ্ন মন্দিরে থাকতেন। ছয় দিন আগে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। সিঁড়িতে পড়ে গুরুতর আহত হয়। মৃতের ভাইপো গয়ানাথ বাগ বলেন, ক্ষতস্থান থেকে সংক্রমণের জন্য তাঁর মৃত্যু হয়েছে বলে আমাদের জানানো হয়েছে।
সম্পর্কিত সংবাদ