Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজ্যে প্রায় ১৭ হাজার চাষিকে ক্ষুদ্র যন্ত্রাংশ কিনতে ভর্তুকি

রাজ্যে প্রায় ১৭ হাজার চাষিকে ক্ষুদ্র যন্ত্রাংশ কিনতে ভর্তুকি
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: এতদিন বড় যন্ত্রাংশ ভর্তুকিতে দিয়ে কৃষকদের মন জয় করেছে রাজ্য সরকার। এবার ক্ষুদ্র যন্ত্রাংশ দিয়েও তাদের পাশে দাঁড়াতে চাইছে সরকার। লাঙলের ফলা, আগাছা নিধন যন্ত্র, জল দেওয়ার পাইপ সহ বিভিন্ন যন্ত্রাংশ চাষিদের দেওয়া হবে। বহু চাষি তাতে উপকৃত হবে। প্রাথমিক ভাবে রাজ্যের ১৬ হাজার ৯৪০ জন কৃষককে তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তারা ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে যন্ত্রাংশ নেওয়ার জন্য আবেদন করেছিলেন। এক আধিকারিক বলেন, ক্ষুদ্র যন্ত্রাংশে চাষিরা ৫০ শতাংশ ভর্তুকিতে পাবেন। তাদেরকে তা আগে কিনতে হবে। পরে তাদের অ্যাকাউন্টে ভর্তুকির টাকা পাঠানো হবে। এর আগে ভর্তুকিতে কৃষকরা রাসায়নিক ছড়ানোর জন্য‌ ঩ড্রোন, ধান কাটার মেশিন সহ বিভিন্ন যন্ত্রাংশ পেয়েছিলেন। আর্থিক ভাবে স্বচ্ছল কৃষকরা সেসব যন্ত্রের জন্য আবেদন করেছিলেন। কিন্তু ছোট যন্ত্রাংশ ভর্তুকিতে সব চাষিরাই কিনতে পারবে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মেহেবুব মণ্ডল বলেন, অনেক চাষি অর্থের অভাবে ছোট যন্ত্রাংশ কিনতে পারে না। তারা তা ভাড়ায় নিয়ে চাষ করে। সেসব চাষিদের কথা চিন্তা করেই এই প্রকল্প নেওয়া হয়েছে। যন্ত্রাংশ কেনার পর বিল জমা করলেই ভর্তুকির টাকা পাওয়া যাবে।
Advertisement
কৃষিদপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, তিন বছর ধরে ভর্তুকিতে ড্রোন দেওয়া হচ্ছে। কিন্তু দাম বেশি হওয়ায় অনেকেই তা নিতে চাইছে না। পাঞ্জাব বা অন্যান রাজ্যগুলিতে ড্রোনের মাধ্যমে রাসায়নিক ছড়ায় চাষিরা। কিন্তু এরাজ্যে এখনও তা জনপ্রিয় হয়নি। ড্রোনের ব্যবহার বাড়ানোর জন্য কৃষিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় কর্মশালা করা হচ্ছে। চাষিদের দাবি, ড্রোন বা ট্রাক্টর কেনার ক্ষমতা সব চাষির থাকে না। কিন্তু ক্ষুদ্র যন্ত্রাংশ দেওয়া হলে চাষিরা আরও বেশি উপকৃত হবে। গলসির চাষি সুদেব পাত্র বলেন, বহু চাষির চার থেকে পাঁচ বিঘা জমি রয়েছে। সংসার চালাতে তাদের কালঘাম ছুটে যায়। এসব চাষিদের  যন্ত্রাংশ কেনার আর্থিক সামর্থ থাকে না। রাসায়নিক ছড়ানোর জন্য ব্যাটারি চালিত মেশিন বা অন্যান যন্ত্রাংশ সব চাষিদেরই দরকার হয়। ৫০ শতাংশ ভর্তুকিতে যন্ত্রাংশ দেওয়া হলে তাদের সুবিধা হবে। বেশির ভাগ সময়ে অন্যের থেকে যন্ত্রাংশ নিয়ে তাদের চাষ করতে হয়। কৃষিদপ্তরের আরেক আধিকারিক বলেন, এবারই প্রথম ছোট যন্ত্রাংশ দেওয়ার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে আবেদনপত্র জমা নেওয়া হয়েছিল। পূর্ব বর্ধমানে আবেদনকারীদের মধ্যে সাত হাজার ৪৬১ জন মাঝারি এবং ক্ষুদ্র যন্ত্রাংশ পাবে। পরবর্তী কালে আবারও চাষিদের এ ধরনের যন্ত্রাংশ দেওয়ার জন্য আবেদনপত্র জমা নেওয়া হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ