সংবাদদাতা, দেওয়ানহাট: আগামী সোমবার থেকে রেজিস্ট্রেশন ছাড়া কোচবিহার শহরের রাস্তায় চলবে না টোটো। এমনই সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। তা নিয়ে প্রশাসনের তরফে মাইকিং করে চালানো হচ্ছে প্রচার। আর এতেই চিন্তিত শহরের টোটোচালকরা। শুক্রবার তাঁরা পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের দ্বারস্থ হন। সমস্যা সমাধানের আবেদন করেন। চেয়ারম্যান বলেন, শহরে কোনও টোটোরই রেজিস্ট্রেশন নেই। সরকার যে নির্দেশিকা পাঠাবে সেটাই আমরা অনুসরণ করব। এখনও নির্দিষ্ট কোনও আইন ঘোষণা হয়নি। আইন ঘোষণা হলে তখন দেখা যাবে। জেলা আঞ্চলিক পরিবহণ আধিকারিক নবীন আধিকারী বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে শহরে রেজিস্ট্রেশন ছাড়া টোটো চালানো যাবে না। সেই মতো প্রচার চালানো হচ্ছে। বহু টোটো রয়েছে যেগুলির রেজিস্ট্রেশন নেই। অনলাইনে রেজিস্ট্রেশন হলেও অনেকেই তা করেননি। বছর তিন-চারেক আগে টোটোর টিন নম্বর নিতে বলা হয়েছিল। সেই সময় কিছু সংখ্যক টোটো টিন নম্বর নিলেও অনেকেই তা নেয়নি। টোটোচালক চয়ন হোসেন বলেন, সমস্যার কথা জানিয়ে আমরা শহরের শতাধিক টোটোচালক এদিন পুর চেয়ারম্যানের দ্বারস্থ হই। উনি গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।



