Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রেজিস্ট্রেশন বিহীন টোটোর বিরুদ্ধে অভিযান রামপুরহাটে, জরিমানা

রেজিস্ট্রেশন বিহীন টোটোর বিরুদ্ধে অভিযান রামপুরহাটে, জরিমানা
  • ৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: রেজিস্ট্রেশন নম্বর বা কিউয়ার কোডবিহীন টোটো ধরপাকড় শুরু হল রামপুরহাট শহরে। শুক্রবার দুপুর থেকে পরিবহণ দপ্তর ও পুলিসকে সঙ্গে নিয়ে মহকুমাশাসকের এই অভিযান শুরু হতেই সাড়া পড়ে যায় শহরে। কিছুক্ষণের মধ্যেই শহরের রাস্তা থেকে নম্বরবিহীন টোটো নিয়ে চালকরা আড়ালে সরে যান। যদিও এরই মধ্যে ৪০টি’রও বেশি টোটো আটক করেন প্রশাসনিক কর্তারা। পরে ৫০০ টাকা করে জরিমানা নিয়ে টোটোগুলি ছেড়ে দেওয়া হয়। রামপুরহাট মহকুমাশাসক সৌরভ পাণ্ডে বলেন, কিউয়ার কোডবিহীন টোটো শহরে চলতে দেওয়া হবে না। এদিন থেকে আমরা নম্বর বিহীনটোটোর বিরুদ্ধে অভিযান শুরু করেছি। শহরের টোটো শহরে, গ্রামের টোটো গ্রামে চলাচল করলে ট্রাফিক নিয়ন্ত্রণে থাকবে। সব এক জায়গায় চললে যানজট হবে। তিনি বলেন, এদিন অভিযান চালিয়ে ৪০টি’রও বেশি নম্বর বিহীন টোটো ধরা হয়েছে। নিয়ম অনুযায়ী ওই টোটোগুলিকে জরিমানা করা হচ্ছে। কারণ, এর আগে তাঁদের অনেকবার সতর্ক করা হয়েছে।
Advertisement
রামপুরহাট শহরে লাগামহীনভাবে টোটো চলাচল বেড়ে যাওয়ায় যানজট সমস্যা আরও তীব্র হয়েছে। পুরসভার দাবি, পুরসভায় রেজিস্ট্রেশন রয়েছে এমন টোটোর সংখ্যা ২ হাজার ১৭৬টি। অথচ প্রতিদিন শহরের রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে প্রায় ১২ হাজার টোটো। সকাল হতেই গ্রাম থেকে হাজার হাজার টোটো এসে শহরে যাত্রী চাপিয়ে অবাধে চলাচল করছে। পথ চলতে গিয়ে আমজনতার নাভিশ্বাস উঠেছে। এর আগে জোর-বিজোড় পদ্ধতিতে টোটো চালচলের নির্দেশ দেওয়া হলেও তা অমান্য করেছেন চালকরা। অন্যদিকে, গ্রাম না শহরের টোটো তা বোঝা যাচ্ছিল না। কারণ, অনেকেই পুরসভার নম্বর নকল করে সাঁটিয়ে নিয়েছিল। এই পরিস্থিতিতে টোটোয় লাগাম টানতে গত ৩০ ডিসেম্বর পুরসভায় রেজিস্ট্রেশন রয়েছে এমন টোটোগুলির কাঁচে কিউআর কোড বসানো হয়। এই কোড স্ক্যান করা হলে টোটো মালিকের যাবতীয় তথ্য জেনে নিতে পারবেন যাত্রীরা। নাম থেকে ফোন নম্বর, ঠিকানা, পুরসভার রেজিস্ট্রেশন নম্বর সবই মিলছে। এবার সেই কিউয়ারকোড বিহীন টোটোর বিরুদ্ধে অভিযানে নামল প্রশাসন। নম্বরবিহীন টোটোগুলিকে থামিয়ে তাঁরা রেজিস্টেশন করানো আছে কি না, অন্যান্য নথি কোথায়, এ সব জানতে চান। প্রশ্নের মুখে কেউ আমতা আমতা করেন, কেউ বা স্বীকার করেন রেজিস্টেশন নেই। প্রশাসনের পক্ষ থেকে এমন ৪০টি টোটো আটক করা হয়। 
এদিকে ধরপাকড় শুরু হতেই নম্বরবিহীন টোটো চালকরা বিভিন্ন রাস্তা দিয়ে পালিয়ে যান। মুহুর্তের মধ্যে শহরের টোটোর সংখ্যা অস্বাভাবিক হারে কমে আসে। মহকুমাশাসক বলেন, যানজট নিয়ন্ত্রণে থাকে এবং সাধারণ মানুষের যাতে পথ চলতে সমস্যা না হয়, সেজন্য কিউয়ার কোডবিহীন টোটো বন্ধ করতে অভিযান জারি থাকবে। আপাতত কিউয়ার কোড বিহীন টোটোগুলিকে ৫০০ টাকা করে জরিমানা করা হচ্ছে। খুব শীঘ্রই রোড সেফটি কমিটি বসে ‘রেট’ ঠিক করা হবে। 
সম্পর্কিত সংবাদ