জয়পুর: রাজস্থানে পেশ হল ধর্মান্তরকরণ বিরোধী বিল ২০২৫। সোমবার বিধানসভায় বাজেট অধিবেশন নিয়ে আলোচনার সময় এই বিল পেশ করেন স্বাস্থ্যমন্ত্রী গজেন্দ্র সিং খিমসার। বিতর্ক সভায় সম্মতি মিললেই তা আইনে পরিণত হবে। জানা গিয়েছে, রাজ্যে ধর্মান্তরকরণ রুখতে এই প্রচেষ্টা। বিল অনুযায়ী, ধর্মান্তরকরণ জামিন অযোগ্য অপরাধ। দোষীদের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা হতে পারে। অনেক ক্ষেত্রে জোর করে বা লোভ দেখিয়ে ধর্ম পরিবর্তন করা হয়। বিল অনুযায়ী, তা দণ্ডনীয় অপরাধ। এক্ষেত্রে অভিযুক্তের সর্বাধিক পাঁচ বছর জেল হতে পারে। সঙ্গে ১৫ হাজার টাকা জরিমানা। নিপীড়িত নাবালক, মহিলা, তফসিলি জাতি বা উপজাতির সদস্য হলে দুই থেকে ১০ বছর জেল হতে পারে। এক্ষেত্রে জরিমানার অঙ্ক ২৫ হাজার টাকা। গণ ধর্মান্তরকরণের ক্ষেত্রে নির্দিষ্ট ব্যক্তির ১০ বছর জেল হতে পারে। সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা। তবে স্বেচ্ছায় ধর্ম পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে ৬০ দিন আগে জেলাশাসককে তা জানাতে হবে। একইসঙ্গে নিপীড়িত ব্যক্তিকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ মিলতে পারে। অভিযুক্তকে নিজের পকেট থেকে সেই টাকা দিতে হবে। বিলে লেখা হয়েছে, ‘রাজনৈতিক স্বাধীনতা সংক্রান্ত আইন দেশের বিভিন্ন রাজ্যে রয়েছে। তবে রাজস্থানে এমন কোনও নিয়ম ছিল না। সম্প্রতি ধর্মান্তরকরণের একাধিক ঘটনা সামনে এসেছে। ভয় দেখিয়ে, জোর করে ধর্ম পরিবর্তন করতে বাধ্য করা হচ্ছে। সেকথা মাথায় রেখেই এই বিল পেশ করা হয়েছে। উদ্দেশ্য একটাই। বেআইনি ধর্মান্তরকরণ রোধ করা।’



