নিজস্ব প্রতিনিধি, তমলুক: রাজস্ব ফাঁকি দেওয়ায় পূর্ব মেদিনীপুরে ৩৩টি ইটভাটা সিল করে দিল জেলা প্রশাসন। এক সপ্তাহের মধ্যে বকেয়া প্রায় পৌনে দু’কোটি টাকা না মেটালে পাকাপাকিভাবে বন্ধ হয়ে যাবে ওইসব ইটভাটা। অতিরিক্ত জেলাশাসক(ভূমি) বৈভব চৌধুরী এনিয়ে নির্দেশিকা জারি করেছেন। ভূমিদপ্তরের অফিসাররা গিয়ে ওই ৩৩টি ইটভাটা সিল করেছেন। শর্তসাপেক্ষে বন্ধ করার নির্দেশিকার কপি ইটভাটা মালিকদের তুলে দেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে বকেয়া রাজস্ব মেটালে খোলা হবে ইটভাটা। তা না হলে স্থায়ীভাবে তল্পিতল্পা গুটিয়ে ফেলতে হবে। গোটা বিষয়টি নিয়ে কঠোর প্রশাসন। জেলাশাসক পূর্ণেন্দু মাজীর নির্দেশে ওই ৩৩টি ইটভাটায় নতুন করে ইট তৈরির কাজ আপাতত বন্ধ।জেলাশাসক বলেন, আমরা বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য বহু নোটিস পাঠিয়েছি। তাতে কাজ হয়নি। তাই শেষমেশ সিল করার পথে হাঁটতে হয়েছে। এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। তারমধ্যে বকেয়া শোধ না করলে স্থায়ীভাবে ইট তৈরি বন্ধ হয়ে যাবে।জেলা ভূমিদপ্তর সূত্রে জানা গিয়েছে, মহিষাদল ও শহিদ মাতঙ্গিনী ব্লকে সাতটি করে ইটভাটা, সুতাহাটা ব্লকে চারটি, নন্দীগ্রাম-২ ও দেশপ্রাণ ব্লকে তিনটি করে, ময়না, নন্দকুমার ও খেজুরি-২ব্লকে দু’টি করে এবং তমলুক ও ভগবানপুর-১ব্লকে একটি করে ইটভাটার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজস্ব বাবদ ওইসব ভাটা থেকে সরকারের বকেয়া প্রায় পৌনে দু’কোটি টাকা। বারবার নোটিসের পরেও ভাটা মালিকদের কোনও হেলদোল নেই। তাই এবার সরাসরি পদক্ষেপ নেওয়ার কাজ শুরু করল প্রশাসন। ভূমিদপ্তরের অফিসাররা ওই ভাটায় ‘কন্ডিশনাল ক্লোজার অর্ডার’ কপি ধরিয়েছে। পাশাপাশি ভাটা সিল করা হয়েছে। গোটা ঘটনায় ভূমিদপ্তরের অন্দরে হইচই পড়ে গিয়েছে।মহিষাদল ব্লকের বেতকণ্ডু এলাকার পাঁচটি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। ভাটা বন্ধ হতেই বেকায়দায় পড়েছে মালিক কর্তৃপক্ষ। শুক্রবারই কয়েকজন বকেয়া টাকা মিটিয়েছেন বলে জানা গিয়েছে। মহিষাদল ব্লকের বেতকুণ্ডু গ্রাম ভাঙাগড়া গ্রামের একটি ইটভাটার মালিক শেখ সিদ্দিক বলেন, আমি শেখ আলাউদ্দিনের কাছ থেকে একটি ভাটা লিজে নিয়ে চালাচ্ছি। বৃহস্পতিবার ভূমিদপ্তর আমাদের ভাটা সিল করে দেয়। তাদের থেকে জানতে পারি, ১লক্ষ ৫৪হাজার ৪০০টাকা বকেয়া আছে। আমরা লিজে নেওয়ার আগে থেকেই রাজস্ব বকেয়া রয়েছে। শুক্রবার আমি সব টাকা জোগাড় করে সরকারি অ্যাকাউন্টে জমা করেছি।বেতকুণ্ডুর আর এক ইটভাটা মালিক শেখ তানজিজুল রহমান বলেন, আমাদের একটি ইটভাটা বন্ধ করা হয়েছে। মোট ১লক্ষ ৩৫হাজার টাকা বকেয়া আছে। আমরা সোমবার ওই টাকা পেমেন্ট করব। শহিদ মাতঙ্গিনী ব্লকের এক ইটভাটা মালিকও বলেন, আমরা সোমবার বকেয়া মিটিয়ে দেব। আড়াই লক্ষ টাকা সরকারি রাজস্ব বকেয়া আছে। ভূমিদপ্তরের সঙ্গে এনিয়ে কথা হয়েছে।



