Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজস্ব ফাঁকি দিতে হিমঘরে আলু মজুত কম করে দেখাচ্ছেন মালিকরা, তদন্ত

রাজস্ব ফাঁকি দিতে হিমঘরে আলু মজুত কম করে দেখাচ্ছেন মালিকরা, তদন্ত
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: হিমঘরে আলু মজুতের পরিমাণ কম দেখিয়ে ফায়দা তুলছে একশ্রেণির হিমঘর মালিক। এমনই অভিযোগ পেয়ে কৃষি বিপণন দপ্তর তদন্তে নেমেছে। কেন দীর্ঘদিন ধরে আলু মজুতের পরিমাণ কম দেখানো হয়েছে তা জানতে ওই হিমঘর মালিকদের প্রথমে চিঠি দেওয়া হবে। পরে আধিকারিকরা সেখানে পরিদর্শনে যাবেন। রাজ্যের কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না বলেন, হিমঘরে কত আলু মজুত রয়েছে তার উপর রাজস্ব নির্ভর করে। কম পরিমাণ আলু মজুত থাকলে কম টাকা রাজস্ব দিতে হয়। বেশি থাকলে রাজস্ব বাড়ে। তদন্ত করে আমরা জেনেছি, রাজ্যের কয়েকটি হিমঘর কর্তৃপক্ষ সরকারকে কর ফাঁকি দিয়েছে। সেই হিমঘরগুলি চিহ্নিত করা হয়েছে। কড়া পদক্ষেপ নেওয়া হবে। তারা আবার আলুর দামও নিয়ন্ত্রণ করে। তাদের জন্যই বেশি দাম দিয়ে আমজনতাকে আলু কিনতে হচ্ছে। কৃষি বিপণন দপ্তরকে ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, ১৫ডিসেম্বর পর্যন্ত হুগলির হিমঘরগুলিতে ১৭ লক্ষ প্যাকেট আলু মজুত রয়েছে। মেদিনীপুরে ৩০ লক্ষ, বর্ধমানে ১৪ লক্ষ প্যাকেট আলু মজুত রয়েছে। বাঁকুড়ায় ১৪লক্ষ এবং বাকি জেলাগুলিতে ছ’লক্ষ প্যাকেট আলু এখনও রয়েছে। আলু ব্যবসায়ীদের হিসেবের সঙ্গে অবশ্য দপ্তরের তথ্যের ফারাক রয়েছে। আধিকারিকের দাবি, একশ্রেণির ব্যবসায়ী এবং হিমঘর মালিক তাদের স্বার্থে আলুর দাম চড়া করে রেখেছে। তারা এখনও বিভিন্ন পথে ভিনরাজ্যে আলু নিয়ে যাচ্ছে। বেশি আলু ওড়িশা যাচ্ছে। তাদের জন্যই মেদিনীপুর এবং বাঁকুড়ার ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। ওই হিমঘরগুলিতে মজুত থাকা আলুর চাহিদা রয়েছে ভিনরাজ্যে। কৃষি বিপণন দপ্তর এই ব্যবসায়ীদের সম্পর্কে খোঁজ নিতে গিয়েই হিমঘরের বিষয়টি জানতে পেরেছে। সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের ৪৯৭টি হিমঘরে ৫৮লক্ষ ৮৪হাজার ৪০৮মেট্রিক টন আলু মজুত করা যায়। ১৬ডিসেম্বর পর্যন্ত হিমঘরগুলিতে ৩লক্ষ ৪৫হাজার ৫৭১ মেট্রিক টন আলু মজুত রয়েছে। 
Advertisement
কৃষি বিপণন মন্ত্রী বলেন, কিছুদিনের মধ্যেই ওই হিমঘরগুলিতে অভিযান চালানো হবে। সেগুলিতে কত পরিমাণ আলু মজুত করা যায় আর কত দেখানো হয় সেটা চাক্ষুষ করা হবে। যারা সরকারকে ঠকিয়ে আসছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। ওই হিমঘরের মালিকরা সবসময় ফায়দা লুটছে।
সম্পর্কিত সংবাদ