বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: সেনার ট্রাক লক্ষ্য করে গুলি চালাল জঙ্গিরা। ঘটনাটি নিয়ন্ত্রণরেখা ঘেঁষা রাজৌরির সুন্দরবানি সেক্টরে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। বুধবার গোপন সূত্রে সশস্ত্র জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় বাহিনী। সেইমতো দুপুর একটা নাগাদ শুরু হয় অপারেশন। সুন্দরবানির ফাল গ্রামে ৯-জেএকে রাইফেলসের একটি টহলদারি ট্রাক প্রবেশ করতেই ঝাঁকে ঝাঁকে উড়ে আসে গুলি। জঙ্গিরা পাশের জঙ্গলে লুকিয়ে ছিল। দ্রুত পজিশন নিয়ে জঙ্গিদের পাল্টা জবাব দিতে দেরি করেননি জওয়ানরা। পুরো এলাকা ঘিরে জবাব দিতে থাকেন তাঁরা। জঙ্গিদের তরফে তিন রাউন্ড গুলি চালানো হয়েছে বলে সেনা সূত্রে খবর। ঘটনার পর আরও বাহিনী সেখানে পৌঁছে জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে। পাশাপাশি ফরেন্সিক টিমের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। নিয়ন্ত্রণরেখার কাছে জঙ্গল অধ্যুষিত সুন্দরবানি সেক্টর পাকিস্তানি জঙ্গিদের অনুপ্রবেশের রুট হিসেবে পরিচিত। এদিনের হামলার পর সেখানে নজরদারি আরও জোরদার করেছে নিরাপত্তা বাহিনী।



