Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রিজওয়ানুর কাণ্ড: সাক্ষ্য ট্রেনের চালক ও গার্ডের

রিজওয়ানুর কাণ্ড: সাক্ষ্য ট্রেনের চালক ও গার্ডের
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রিজওয়ানুর রহমানের অস্বাভাবিক মৃত্যু মামলায় আদালতে সাক্ষ্য দিলেন এক ট্রেনের চালক ও গার্ড। তাঁদের সাক্ষ্য শেষ হয়েছে। কলকাতার নগর দায়রা আদালতে চলছে বর্তমানে এই মামলার শুনানি। আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে বলে  বৃহস্পতিবার আদালত সূত্রে জানা গিয়েছে। এদিন এক অভিযুক্তের আইনজীবী অরুণ মণ্ডল জানান, এখনও পর্যন্ত এই মামলায় আদালতে সাক্ষ্য পেশ করেছেন মোট ৩৫জন। আগামী শুনানিতে নতুন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে। কোর্ট সূত্রের খবর, এই মামলায় ই঩তিমধ্যে সাক্ষ্য দেওয়া গুরুত্বপূর্ণ সাক্ষীদের মধ্যে ছিলেন  মৃত রিজওয়ানুর রহমানের বৃদ্ধা মা, তাঁর বিধায়ক দাদা, শিল্পপতি-কন্যা প্রিয়াঙ্কা টোডি প্রমুখ। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ২০০৭ সালের ২১ সেপ্টেম্বর পাতিপুকুর রেল স্টেশনের ধারে ৩০ বছর বয়সি যুবক রিজওয়ানুর রহমানের দেহ উদ্ধার হয়। তাঁর পরিবারের অভিযোগ ছিল, তাঁকে খুন করা হয়েছিল। পরে উচ্চ আদালতের নির্দেশে মামলার তদন্তভার নেয় সিবিআই। তদন্ত শেষে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ‘আত্মহত্যায় প্ররোচনা’র অভিযোগ এনে এই মামলায় আদালতে  চার্জশিট দেয়। মামলাটির দীর্ঘ আইনি জটিলতা কেটেছে এবং দ্রুত গতিতে চলছে শুনানি।
Advertisement
সম্পর্কিত সংবাদ