Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজনীতির লড়াইয়েও গণতন্ত্রের ধার ধারছে না বিজেপি, তোপ প্রিয়াঙ্কার

রাজনীতির লড়াইয়েও গণতন্ত্রের ধার ধারছে না বিজেপি, তোপ প্রিয়াঙ্কার
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
ওয়েনাড়: সাংসদ হিসেবে শপথ নেওয়ার পর কেরলের ওয়েনাড়ে পৌঁছেই বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন প্রিয়াঙ্কা গান্ধী। শনিবার দাদা রাহুলকে সঙ্গে নিয়ে মুক্কামের একটি জনসভায় অংশ নেন নবনির্বাচিত সাংসদ। সেখানে গেরুয়া পার্টিকে বিঁধে সোনিয়া-তনয়া অভিযোগ করেন, ‘বিজেপির আচার-আচরণ অনেকটা ভূমিধসের মতো। যা কোনও নিয়মের ধার ধারে না। একইভাবে রাজনৈতিক লড়াইয়েও গণতান্ত্রিক রীতিনীতি মানে না পদ্ম পার্টি।’ এর রেশ ধরে প্রিয়াঙ্কা দাবি করেন, মোদি সরকারের আমলে সরকারি প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা হচ্ছে । তিনি বলেন,‘বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের দেশকে একজোট করে রেখেছে। কিন্তু, বিজেপি সেগুলিকে ধ্বংস করে দিচ্ছে। এরফলে নির্বাচনের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর থেকে মানুষ বিশ্বাস হারাচ্ছে।’ 
Advertisement
সদ্য অনুষ্ঠিত উপ নির্বাচনে ওয়েনাড় থেকে চার লাক্ষের বেশি ভোটে জয়ী হয়েছেন প্রিয়াঙ্কা। এই সুযোগ দেওয়ার জন্য আরও একবার স্থানীয় ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন, মানুষের পাশে থাকবেন। সংসদের তুলে ধরবেন সাধারণ মানুষের দাবি-দাওয়া। এদিনের জনসভা থেকে রাজ্যের বাম সরকারকে আক্রমণ করেছেন রাহুল গান্ধী। ওয়েনাড়ে ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে রাজ্যের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। ক্ষতিগ্রস্তদের শ্রদ্ধা জানিয়ে এদিন বক্তব্য শুরু করেন রাহুল। বলেন, ‘আমরা সরকারে নেই। তাই রাজ্য প্রশাসন যে কাজ করতে পারে, তা আমরা করতে পারি না। তাই আমার বোন প্রিয়াঙ্কা, কে সি বেণুগোপাল সহ সমস্ত কর্মীদের কাছে আমার আর্জি, অবিলম্বে রাজ্য সরকারের উপর চাপ তৈরি করুন। তাহলেই ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা যাবে।’ কয়েকমাস আগেই ভয়াবহ ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। প্রাণহানির পাশাপাশি ভিটেমাটি ছাড়া হয়েছেন বহু মানুষ। 
সম্পর্কিত সংবাদ