নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়াল রেজিনগরে। একটি ঘটনায় নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, রেজিনগরের মধ্য বাজারপাড়া এলাকা থেকে ১৬ বছরের ওই নাবালিকাকে জোর করে লালবাগে নিয়ে যাওয়া হয়। সেখানকার একটি হোটেলের ঘরে তাকে ধর্ষণ করে এক যুবক। রবিবার এই ঘটনায় অভিযোগ দায়ের হতেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। তাকে বহরমপুরের বিশেষ পকসো আদালতে তোলা হয়। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করার জন্য তিনদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, ওই যুবকের সঙ্গে আরও এক যুবক বাইকে করে এসে ওই নাবালিকাকে তুলে নিয়ে যায়। সেই যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস। বাড়িতে কেউ না থাকার সুযোগে এক ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল রেজিনগরে। আদালতের মাধ্যমে সেই অভিযোগ জমা পড়েছে রেজিনগর থানায়।



