পাটনা: শনিবার বিহারে ঘটা করে সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নাম দেওয়া হয়েছে নীতীশ সেতু। তার কয়েক ঘণ্টার মধ্যে ওই সেতুতেই বিক্ষোভ আরজেডি কর্মী-সমর্থকদের। ছিঁড়ে ফেলা হল মোদির ব্যানার, পোস্টার। পড়ে থাকা ব্যানার মাড়িয়ে ছুটতে ছুটতে লালুপ্রসাদ যাদব ও তেজস্বী যাদবের নামে স্লোগান দিলেন কর্মী-সমর্থকরা। ক্ষুব্ধ জনতার ভিড়ে পুলিশকেও চুপচাপ হেঁটে যেতে দেখা গিয়েছে। বিক্ষোভকারীদের বক্তব্য, তেজস্বী যাদব সরকারে থাকাকালীন এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। আর ইতিমধ্যেই চালু রয়েছে সেতু। তাও নীতীশ কুমারকে খুশি করতে ফের সেতুর উদ্বোধনের অর্থ কী? কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। দুঃখের বিষয়, উদ্বোধনী অনুষ্ঠানে প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তেজস্বীকে আমন্ত্রণ জানানো হয়নি।
এরইমাঝে আরজেডি নেতা তেজস্বীর দাবি, ‘প্রধানমন্ত্রী যে সেতুর উদ্বোধন করেছেন, তা ১৭ মাস আগে থেকেই তা চালু রয়েছে। লক্ষ লক্ষ গাড়ি সেতু পার করে ফেলেছে। দশম শিখ গুরু গোবিন্দ সিংয়ের নামে সেতুটির নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু বিজেপি নিজেদের প্রচারেই ব্যস্ত। সেতু তৈরিতে বিজেপি বা কেন্দ্রীয় সরকার এক টাকাও খরচ করেনি। প্রধানমন্ত্রী বিনা পয়সার বিহারে এসে ফিতে কাটলেন। আর নিজের প্রচার করে বেরিয়ে গেলেন। নামকরণের ইস্যুতে সরব হয়েছেন পাঞ্জাবের আপ সরকারের মন্ত্রী হরপাল সিংহ চিমাও। তিনি জানান, গুরু গোবিন্দ সিংয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক।
পালটা আক্রমণ শানিয়েছেন বিহার বিজেপির মুখপাত্র নীরজ কুমার শর্মা। তিনি বলেন, ‘সরকার উন্নয়নমূলক কাজ করছে। কিন্তু অযথা বিশৃঙ্খলা তৈরি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করছে আরজেডি। বিহারের মানুষ সেতু, রাস্তাঘাট, উন্নয়ন চায়। পোস্টার ছেঁড়ার রাজনীতি নয়।’



