নিজস্ব প্রতিনিধি, তমলুক: মঙ্গলবার তমলুক রাজবাড়ি ময়দানে শুরু হল ২৬তম তাম্রলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটিরশিল্প মেলা। শীতের সন্ধ্যায় বর্ষশেষের এই মেলার জন্য তমলুক তথা গোটা পূর্ব মেদিনীপুরবাসী অপেক্ষা করে থাকেন। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, বিধায়ক সৌমেন মহাপাত্র, মেলা কমিটির চেয়ারপার্সন তথা পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায়, এইচডিএ-র ভাইস চেয়ারম্যান সাধনচন্দ্র জানা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। তমলুক পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলাররা উপস্থিত ছিলেন। গোটা রাজবাড়ি প্রাঙ্গণজুড়ে মেলা বসেছে। প্রতি সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। আগামী ১জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। মেলা উপলক্ষ্যে আগামী ২৬-২৮ডিসেম্বর তমলুক রাজবাড়িতে ‘আন্তর্জাতিক ক্ষেত্রে বৌদ্ধ জগতের সঙ্গে প্রাচীন তাম্রলিপ্তের সম্পর্ক’ নিয়ে সেমিনার হবে। সেখানে দেশ-বিদেশের অতিথিরা অংশগ্রহণ করবেন।
Advertisement
২৮ডিসেম্বর বেলা ২টায় মেলা প্রাঙ্গণে সারাবাংলা অঙ্কন প্রতিযোগিতা হবে। বয়সভিত্তিক চারটি বিভাগে ওই প্রতিযোগিতা হবে। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে রুপোর পদক দেওয়া হবে। ২৯তারিখ স্বেচ্ছায় রক্তদান শিবির রয়েছে। মেলা উপলক্ষ্যে প্রতিদিন বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও ওষুধ মিলবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মেলার সাফল্য কামনা করে শুভেচ্ছাপত্র পাঠিয়েছেন। মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে পুলিস সুপার সৌম্যদীপ ভট্টাচার্য, তমলুকের মহকুমা শাসক দিব্যেন্দু মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।



