Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজ আমলের ঐতিহ্য মেনে আজও বেনারসে অনুষ্ঠিত হয় মদনমোহনের রাস উৎসব

রাজ আমলের ঐতিহ্য মেনে আজও বেনারসে অনুষ্ঠিত হয় মদনমোহনের রাস উৎসব
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারের মহারাজারা মদনমোহন মন্দিরে যেমন রাস উৎসবের সূচনা করেছিলেন তেমনি বেনারসের সোনারপুরা এলাকায় অবস্থিত কোচবিহার কালীবাড়ির পাশে রাধা-গোবিন্দ মন্দিরেও রাস উৎসব চালু করেন। কোচবিহারের মদনমোহন মন্দিরে আজও মহা সমারোহে মদনমোহনের রাসযাত্রা অনুষ্ঠিত হয়। বেনারসের রাধা গোবিন্দ মন্দিরেও জাঁকজমকপূর্ণ ভাবে সেই উৎসব পালন করা হতো। কিন্তু দেবোত্তর ট্রাস্ট বোর্ডের অধীনে থাকা ওই মন্দিরের রাস উৎসব এখন আর আগের মতো ধুমধাম করে হয় না। তবে আজও নির্দিষ্ট তিথিতে প্রাচীন নিয়ম মেনে মদনমোহনের রাসযাত্রা অনুষ্ঠিত হয়। এবারও তার প্রস্তুতি শুরু হয়েছে। জানা গিয়েছে, এবার বেনারসের রাসযাত্রার জন্য দেবোত্তর ট্রাস্ট বোর্ডের পক্ষ থেকে ২৫ হাজার টাকা বরাদ্দ ধরা হয়েছে। এদিকে, কোচবিহারের মদনমোহন মন্দিরে রাস উৎসবের প্রস্তুতি তুঙ্গে উঠেছে। মন্দির চত্বরে রাসচক্র বসানোর প্রাথমিক প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বেনারসের কোচবিহার কালীবাড়ির অফিসার ইনচার্জ বীরেন ঝা বলেন, রাধা গোবিন্দ মন্দিরে প্রাচীন রীতি নীতি মেনেই রাসচক্র ঘোরানো হবে। পুরনো জাঁকজমক না থাকলেও, রীতি নিয়ম সবই পালন করা হয়। 
Advertisement
কোচবিহারের মদনমোহন মন্দিরের কর্মী জয়ন্ত চক্রবর্তী বলেন, বেনারসে রাসের দিন ঠাকুরকে বাইরে আনা হয়। তাঁকে বাগানে বসানো, পুজো, রাস ঘোরানো সবই হবে। তবে এখন সবই ছোট আকারে হয়। কোচবিহারের মদনমোহন মন্দিরেও সবকিছুর প্রস্তুতি চলছে। 
জানা গিয়েছে, বেনারসের রাধা গোবিন্দ মন্দিরের রাসচক্রটি ২৫ ফুট উচ্চতার হয়। আগে রাস উৎসব উপলক্ষ্যে কালীমন্দিরও সাজানো হতো। এখন সেসব না হলেও ভক্তিভরে রাস উৎসব পালিত হয়। এদিকে, মদনমোহন মন্দিরে রাসযাত্রা উপলক্ষ্যে পুতনার মডেল নির্মাণের উদ্যোগ শুরু হয়ে গিয়েছে। ৩৪ ফুট উচ্চতার বিরাট রাসচক্রের খুঁটি আগেই মাঠে চলে এসেছে।  পুরো মন্দির জুড়ে এখন শুধুই সাজোসাজো রব। চলছে চরম ব্যস্ততা। আগামী ১৫ নভেম্বর রাসযাত্রা অনুষ্ঠিত হবে।
সম্পর্কিত সংবাদ