বহু জায়গাতেই নদীর ভাঙন আশঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে, দাবি সেচমন্ত্রীর
  • ২৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: অনেক জায়গায় নদীভাঙন এখন আমাদের কাছে শঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বেশ কিছু জায়গায় বাঁধ নিশ্চিহ্ন হয়ে যাওয়ার উপক্রম। আগের সরকার যথাসময়ে ঠিক ঠিক সিদ্ধান্ত না নিতে পারায় প্রয়োজনীয় কাজগুলি হয়নি। মঙ্গলবার আমতা বিধানসভার পারবাকসি মিলন সঙ্ঘের মাঠে এলাকার দু’টি নদী পাড় সংরক্ষণ ও একটি নদীবাঁধ শক্তিশালী করার কাজের সূচনা করতে এসে একথা বলেন রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী অরূপকুমার দাস।

Advertisement

মন্ত্রী বলেন, আগের সরকারের আমলে সরকারি অফিসারদের হাত-পা বেঁধে দেওয়া হয়েছিল। তাঁদের প্রয়োজনীয় কোনো সিদ্ধান্ত নিতে দেওয়া হয়নি। ফলে কাজের ঘাটতি থেকে গিয়েছে। এদিন মন্ত্রী অভিযোগ করেন, বহু জায়গায় নদীকে আমরা দখল করে নিচ্ছি, নদীর জল যাওয়ার স্বাভাবিক রাস্তা আমাদের লোভে রুদ্ধ হয়ে যাচ্ছে। ফলে নদীও উল্টে কোথাও কোথাও আগ্রাসী হচ্ছে।
এদিন অরূপবাবু অভিযোগ করেন, গত ৩/৪ বছরে এখানে কোনো একশো দিনের কাজ হয়নি। কেন্দ্রীয় সরকারের আবাস যোজনা বা আয়ুস্মান ভারত প্রকল্পের টাকা নেয়নি রাজ্য। শুধু ঝগড়া করে গিয়েছে, আর অজুহাত দিয়েছে  যে কেন্দ্র দিচ্ছে না। কিন্তু কেন্দ্র কোনো অনুদান দিলে তার উপযোগিতার শংসাপত্র দিতে হয়। সেটা দেয়নি।
মন্ত্রী অভিযোগ করেন, আগে বামফ্রন্ট বলত কেন্দ্রীয় সরকার আমাদের বিরোধী। এখন তৃণমূলও বামফ্রন্টের জুতো পায়ে গলিয়ে কেন্দ্রীয় বঞ্চনা বলে চিৎকার করছে। এদিন তিনি বলেন, আমাদের দ্রুত কাজ করতে হবে, বাজেটের যথাযথ ব্যবহার করতে হবে। মুখ্যমন্ত্রী চাইছেন, বাজেটে বরাদ্দ টাকা পুরোপুরি খরচ করুক রাজ্যগুলি। তিনি বলেন, আপনরা বিধায়কের সঙ্গে থাকুন, পরামর্শ দিন। এই সরকার আপনাদের পাশে আছে। সবাই মিলে আমরা বাংলাকে এগিয়ে নিয়ে যাব।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অমিত সামন্ত ও চিরন বেরা, সেচদপ্তরের মুখ্য বাস্তুকার ও অন্যান্য অফিসাররা। সেচদপ্তর সূত্রে খবর ৬.৩০০ মিটার এই কাজে ব্যয় হবে প্রায় ১৩ কোটি ১২ লক্ষ টাকা।