সংবাদদাতা, উলুবেড়িয়া: দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কারণে উলুবেড়িয়ায় নদীবাঁধ বসে যাচ্ছে। ১১ নম্বর ওয়ার্ডের চককাশীতে শরৎপল্লির কাছে হুগলি নদীর উপর থাকা বাঁধের ৫০ মিটারের মত অংশ ক্রমশ বসে যাচ্ছে বলে অভিযোগ। ফলে ছড়িয়েছে আতঙ্ক।

স্থানীয় মানুষের অভিযোগ, নদীর ঢেউয়ে বাঁধের নীচের অংশের মাটি ধুয়ে যাওয়ায় বাঁধের উপরের রাস্তা বসে যাচ্ছে। অবিলম্বে মেরামত না করলে বর্ষায় পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। সেচদপ্তর বিষয়টি দেখেছে। দ্রুত বাঁধ সংস্কার হবে বলে জানা গিয়েছে। অভিযোগ, বাঁধের ওই অংশেই কয়েকবছর আগে সংস্কারের কাজ করেছে সেচদপ্তর। নদীর পাড়ে বোল্ডার পিচিংয়ের কাজও করেছে। তবে পণ্যবাহী জাহাজ চলাচলের কারণে বাঁধের নীচের অংশ প্রতিদিন ক্ষয়প্রাপ্ত হয়। ফলে ওই অংশ ক্রমশ বসে যাচ্ছে। নদীর দিকে রাস্তার পাশে তৈরি হচ্ছে গর্ত। সেখান থেকে ঢুকছে জল। ফলে বাঁধের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অসিরঞ্জন অধিকারী জানান, অবিলম্বে ব্যবস্থা না নিলে যে কোনওদিন বড় ধরনের বিপদ ঘটে যাবে। সেচদপ্তর মাঝেমধ্যে ভাঙা ইটের টুকরো ফেলে। তবে কয়েকদিনের মধ্যে তা নদীগর্ভে চলে যায়। এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি তুলেছেন তিনি। সেচদপ্তরের এক আধিকারিক জানান, ওই এলাকায় নদী বাঁধ সংস্কারের জন্য টেন্ডার প্রক্রিয়া চলছে। সে কাজ শেষ হলেই মেরামতের কাজ হবে। -নিজস্ব চিত্র