নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: আজ বৃহস্পতিবার থেকেই খুলে যাচ্ছে হুগলির আরেক জগদ্ধাত্রী নগরী রিষড়ার ‘মায়ানগরী’র দ্বার। মূলত, নবমী থেকেই পুজো ও মণ্ডপসজ্জা দেখার পর্ব শুরু হয় রিষড়ায়। প্রায় পাঁচদিনের উৎসব মরশুমের সূত্রপাত বুধবারই হয়েছে। রিষড়া কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির উদ্যোগে বুধবার প্রকাশিত হয় পুজোর গাইড ম্যাপ। সেখানে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক সুদীপ্ত রায় সহ প্রশাসন ও পুলিশের কর্তারা ছিলেন। বুধবারই শহরের ১০৩টি বারোয়ারি পুজোর মধ্যে প্রায় ৪৫টির উদ্বোধন হয়েছে। একগুচ্ছ পুজোর উদ্বোধন করেছেন সাংসদ কল্যাণবাবু। দুর্যোগপূর্ণ আবহাওয়া হলেও বুধবারই পুজোর সাজে সেজে উঠেছে রিষড়া। পূর্ব ও পশ্চিম, শহরের উভয় এলাকাতেই দেখা গিয়েছে মনোরম মণ্ডপ আর আলোর বাহার।
গত কয়েক বছর ধরেই থিম পুজোর ময়দান দাপাতে শুরু করেছে রিষড়া। চন্দননগরকে টেক্কা দেওয়ার অবিরাম প্রয়াসে যেমন পুজোর সংখ্যা বেড়েছে, তেমনই বেড়েছে আয়োজনের বহর। এবারও গুচ্ছগুচ্ছ মূর্ত, অমূর্ত থিমের পসরা সাজিয়ে মায়াময় নগরী হয়ে উঠেছে রিষড়া। ইতিমধ্যেই নজর কেড়েছে রিষড়ার থিম ‘মেসিময়’। বিশ্ব ফুটবলের রাজকুমার মেসিকে নিয়েই থিমের আয়োজন করেছে রিষড়ার বাঙ্গুরপল্লি। তাৎপর্যপূর্ণভাবে, বাঙ্গুরপল্লি এবারই প্রথমবার পুজো ময়দানে উপস্থিত হয়েছে। মেসির জীবন থেকে বিশ্বকাপ জয়, তাঁর জেতে নেওয়া ট্রফিতে সাজানো হয়েছে মণ্ডপ। আছে আস্ত ফুটবল মাঠ। যে মাঠেই আয়োজন করা হয়েছে দেবী জগদ্ধাত্রীর পুজো।
বুধবার গাইড ম্যাপ উদ্বোধনের সঙ্গে সঙ্গে পুজোয় নিরাপত্তা নিয়ে নির্দেশিকাও জারি করা হয়েছে। শহরে যান চলাচলের উপরে বিধিনিষেধ আজ, বৃহস্পতিবার থেকেই বলবৎ হবে। এবার পুজো কার্যত পাঁচদিনের। অর্থাৎ একদিন বেশি। ফলে, বিপুল দর্শক সমাগম হবে বলেই প্রত্যাশা করছেন উদ্যোক্তারা। রিষড়ার কেন্দ্রীয় পুজো কমিটির সভাপতি তথা পুরসভার চেয়ারম্যান বিজয় মিশ্র বলেন, অভিনব সাজে সেজেছে শহর রিষড়া। দর্শকদের চিত্তবিনোদনের সমস্ত আয়োজন সম্পূর্ণ।