নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুভমান গিলের দ্বিতীয় টেস্টে খেলা নিয়ে ঘোর অনিশ্চিয়তা। রবিবার রাতে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে টিম হোটেলে ফেরেন গিল। তার উপর নজর রাখছে ভারতীয় দলের মেডিক্যাল টিম। সূত্রের খবর, দলের সঙ্গে গুয়াহাটি যাচ্ছেন না তিনি। আপাতত কয়েকদিন বিশ্রাম নেবেন গিল। নেক কলার ব্যবহারের পরামর্শও দিয়েছেন চিকিৎসকরা। তারপর পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট। অনেকেই মনে করেন গিলের না থাকা ইডেন টেস্টে বড় ফারাক গড়ে দিয়েছিল। তিনি যদি গুয়াহাটিতে না খেলেন, সেটা বাড়তি সুবিধা দক্ষিণ আফ্রিকার।
প্রথম টেস্ট আড়াই দিনে শেষ হওয়ায় দুই দলের ক্রিকেটাররা এখনও কলকাতায়। মঙ্গলবার সকালে ইডেনে অনুশীলন রয়েছে ঋষভ পন্থদের। ভুল শুধরে পরের ম্যাচে দারুণ প্রত্যাবর্তনই লক্ষ্য। হারলে তো ফের হোয়াইট-ওয়াশের লজ্জা। ড্র করলেও সিরিজ ১-০ জিতবে দক্ষিণ আফ্রিকা। সিরিজ বাঁচাতে তাই জেতা ছাড়া উপায় নেই। এমনিতেই প্রথম টেস্ট হেরে ক্রিকেটারদের মনোবল তলানিতে। এদিকে শোনা যাচ্ছে যদি দ্বিতীয় টেস্টে গিল না খেলেন, তাহলে সাই সুদর্শন কিংবা দেবদূত পাদিক্কালকে প্রথম একাদশে রাখা হবে। সুদর্শনও কিন্তু ছন্দে নেই। তাই তো তিনি প্রথম টেস্টে বাদ পড়েছিলেন। গিলের জুতোয় পা গলিয়ে তাঁর পক্ষে এই পরিস্থিতিতে সেরাটা মেলে ধরা সহজ হবে না।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পর্বে এটাই ঘরের মাঠে ভারতের প্রথম হার। এর আগে ইংল্যান্ডে গিয়ে টেস্ট সিরজে ড্র রেখে ফিরেছিলেন গিলরা। আগের সিরিজে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এসেছিল সহজ জয়। কিন্তু গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ইডেন টেস্টে ভারতের ব্যাটিং তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। ফলে এই দলের ভবিষ্যৎ নিয়ে অনেকেই সন্দিহান। মোদ্দা কথা, ঘূর্ণি পিচ বানিয়ে প্রতিপক্ষকে বিপাকে ফেলতে গিয়ে টিম ইন্ডিয়াই ফাঁদে পড়েছে। এই ঘটনা নতুন নয়। গত বছর নিউজিল্যান্ডের কাছে ০-৩ হোয়াইট-ওয়াশের লজ্জা সঙ্গী হয়েছিল ভারতীয় দলের। তার পরেও কোচ গম্ভীরের টনক নড়েনি। প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজের পরের ম্যাচ গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ২২-২৬ নভেম্বর। ভারতীয় দলের বুধবার পৌঁছানোর কথা। তারপর পিচ দেখে প্রথম এগারো নিয়ে সিদ্ধান্ত নেবেন কোচ গম্ভীর। দু’বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসর থেকে রানার্স হয়ে ফিরতে হয়েছে টিম ইন্ডিয়াকে। গতবার বিদায় নিতে হয়েছিল ফাইনালের আগেই। সেই কারণেই রোহিত শর্মাকে সরিয়ে অধিনায়ক করা হয় শুভমান গিলকে। দেওয়াল লিখন পড়তে পেরে রোহিতের মতোই নিজেকে সরিয়ে নিয়েছেন বিরাট কোহলিও। স্পিনার রবিচন্দ্রন অশ্বিন একই পথের পথিক। সামির ভবিষ্যৎ বিনি সুতোর মালার মতো ঝুলছে। আসলে কোচ গৌতম গম্ভীর তারুণ্যের উপর ভরসা রেখেই অধরা মাধুরি স্পর্শ করতে চান। কিন্তু সেই লক্ষ্যে তিনি হোঁচট খেলেন দক্ষিণ আফ্রিকার কাছে ইডেনে প্রথম টেস্ট হেরে। সবমিলিয়ে সময়টা মোটেও ভালো যাচ্ছে না টিম ইন্ডিয়ার। কোচ গৌতম গম্ভীরও চাপে। বর্ষাপাড়া স্টেডিয়াম অ্যাসিড টেস্ট নিতে তৈরি।