ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি দারুণ পছন্দ ঋষভের
  • ২৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়েলিংটন: চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলা নিয়েই শঙ্কা তৈরি হয়েছিল ঋষভ পন্থের। প্র্যাকটিসের সুযোগও মেলেনি। কুছ পরোয়া নেহি! ওয়েলিংটনে প্রথম টেস্টেই সেঞ্চুরি হাঁকালেন বাঁহাতি তারকা উইকেটরক্ষক ব্যাটার। তাও আবার চেনা মেজাজে ছক্কা মেরে! দিনের খেলা শেষে সম্প্রচারকারী চ্যানেলে হাসিমুখে ভারতীয় উইকেটরক্ষক বলছিলেন, ‘সত্যি বলতে, ছক্কা হাঁকিয়েই তিন অঙ্কের ঘরে পৌঁছানো আমার দারুণ পছন্দ। তবে তার জন্য অনেক শতরান হাতছাড়াও হয়েছে। তাই এদিন ভেবেছিলাম, ধীরেসুস্থে সেঞ্চুরি করব। কিন্তু যখন মিড অফের ফিল্ডার উপরে উঠে এল, মনে হল সুযোগের সদ্ব্যবহার করা উচিত।’

Advertisement

পন্থ এমনই! হাই-রিস্ক ক্রিকেট খেলতেই পছন্দ করেন তিনি। আর তাতে লাল বলের ক্রিকেটে যথেষ্ট সফল বাঁ হাতি তারকা। রবিবার তাঁর ১২৮ রানের সুবাদেই ভারতের স্কোর সাতশোর গণ্ডি টপকায়। পাশাপাশি প্রথম ভারতীয় উইকেটরক্ষক হিসাবে ‘সেনা’ দেশে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায়) শতরানের নজির গড়লেন। পন্থের কথায়, ‘ছোটো থেকেই ছক্কা হাঁকাতে ভালো লাগে। তবে কেরিয়ারের এই পর্যায়ে এসে চিন্তভাবনা অনেক বদলেছে। এখন ধারাবাহিকতায় বেশি জোর দিই। যখনই নামি না কেন ম্যাচে ছাপ রাখার চেষ্টা করি। আর কিউয়িদের বিরুদ্ধে এই সিরিজে খেলার জন্য তো রীতিমতো মুখিয়ে ছিলাম। কারণ এখানে আমার কোনো সেঞ্চুরি ছিল না। শেষ পর্যন্ত কিউয়ি মুলুকে প্রথম শতরান হাঁকিয়ে আপ্লুত।’ ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিংয়ের সময়ও পন্থের এনার্জিতে কোনোরকম টান পড়ে না। সবসময় বিপক্ষ ব্যাটার বা সতীর্থদের উদ্দেশ্যে কিছু বলতে দেখা থাকেন। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে ঋষভের জবাব, ‘মাঠে নামলে আমি সবচেয়ে খুশি থাকি। ব্যাটিং বা কিপিং উপভোগ করাই প্রধান লক্ষ্য থাকে।’
পন্থের পাশাপাশি জুরেলও ৭৮ রানের মূল্যবান ইনিংস উপহার দিয়েছেন। ম্যাচের পর তিনি বলেন, ‘ঋষভ ভাই অসাধারণ ইনিংস খেলল। ও আমার মেন্টর। ব্যাট করার সময় ওকে ফলো করি।’ পাশাপাশি ম্যাচ জেতার বিষয়েও আত্মবিশ্বাসী জুরেল। তাঁর কথায়, ‘উইকেট কিছুটা স্লো হচ্ছে। তবে আমরা আত্মবিশ্বাসী। জয়ের জন্য তো আর আটটি ভালো ডেলিভারির প্রয়োজন।’