Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রাইস মিলের বিরুদ্ধে ধলতা আদায়ের অভিযোগে বিক্ষোভ

রাইস মিলের বিরুদ্ধে ধলতা আদায়ের অভিযোগে বিক্ষোভ
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শান্তিনিকেতন: সরকারি নির্দেশিকা অমান্য করে চাষিদের থেকে পাঁচ থেকে সাত কেজি ধলতা আদায় করার অভিযোগ উঠল রাইস মিলের বিরুদ্ধে। বুধবার বোলপুর থানার নানুর বিধানসভার বাহিরী গ্রামে সরকারিভাবে ধান বিক্রি করতে এসে হয়রানির শিকার হয়ে ব্যাপক বিক্ষোভ দেখান চাষিরা। দুর্নীতির অভিযোগ তুলে ধান কেনাবেচা বন্ধ করে দেন তাঁরা। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছন বোলপুর ব্লকের জয়েন্ট বিডিও ও কৃষি উন্নয়ন আধিকারিক। তাঁদের আশ্বাসে ফের ধান কেনা শুরু হয়।
Advertisement
দিন কয়েক ধরেই বোলপুর-শ্রীনিকেতন ব্লকের কৃষক বাজারের তত্ত্বাবধানে বাহিরী গ্রামে সরকারি সহায়ক মূল্যে ধান কেনার কাজ চলছে। বুধবার সরকারি নিয়মকে তোয়াক্কা না করে ধান কেনার সময় কুইন্টাল প্রতি অতিরিক্ত ধলতা নেওয়া হয় চাষিদের থেকে। সেই কারণে দুর্নীতির অভিযোগ তুলে ব্যাপক বিক্ষোভ শুরু করেন কৃষকরা। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশিকা অমান্য করে ধান কেনার অভিযোগ ওঠে রাইস মিলের বিরুদ্ধে। এছাড়াও সরকারি নির্দেশ মতো যে স্থানে ধান কেনাবেচা হবে সেখানে সিসি ক্যামেরা সহ সরকারি মূল্য তালিকা লাগানো ও আরও বেশ কিছু নিয়মাবলী পালন না করার অভিযোগও ওঠে। রাইস মিল কর্তৃপক্ষের তরফে অবশ্য দুর্নীতির অভিযোগ অস্বীকার করা হয়। তাদের দাবি সরকারি নিয়মেই সমস্ত কিছু হচ্ছে। কিন্তু কিছু চাষির ধান অত্যন্ত আবর্জনা যুক্ত। তাই কিছুটা সমস্যা হয়। যদিও তা মিটে গিয়েছে।
স্থানীয় কৃষক মনোতোষ অধিকারী, শেখ জসিমউদ্দিন, শেখ নিরোজ বলেন, আমাদের থেকে ধান কেনার সময়ে সম্পূর্ণ বেআইনি পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। সরকারি সহায়ক মূল্য দেওয়া হলেও ধানের ওজনে হেরফের করে দুর্নীতি করা হচ্ছে। কৃষিদপ্তর ও ব্লক প্রশাসন বিষয়টি না দেখলে আগামীতে বৃহত্তর বিক্ষোভ হবে। 
বোলপুর ব্লকের জয়েন্ট বিডিও ফারমান আলি বলেন, বিষয়টি জানার পর আমরা এলাকায় এসে দুই পক্ষের সঙ্গে কথা বলেছি। চাষিদের ক্ষোভ মেটানো হয়েছে। এই ধান কেনার কেন্দ্রটি নতুন হওয়ার কারণে সিসি ক্যামেরা ও অন্যান্য ব্যবস্থা করা হয়নি। দ্রুত তা হয়ে যাবে।
সম্পর্কিত সংবাদ