সংবাদদাতা, মানবাজার: ধান কাটার মরসুমে ঘূর্ণিঝড়ের প্রভাবে অকাল বৃষ্টিতে চরম বিপাকে পড়েছেন পুরুলিয়া জেলার কৃষকরা। কয়েক দিনের বৃষ্টিতে মাঠে কেটে রাখা ধান ভিজে যাওয়ার পাশাপাশি জমিতে পাকা ধান নিয়েও দুশ্চিন্তায় পড়েন চাষিরা। বৃহস্পতিবার ও শুক্রবারের বৃষ্টির পর শনিবারও সারাদিন আকাশ মেঘলা ছিল। মাঝে মধ্যে হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ফলে মাঠে কেটে রাখা ধান শুকানোর সুযোগ পাননি বহু কৃষক। কোথাও জমে থাকা বৃষ্টির জলে ডুবে যায় কাটা ধান, আবার কোথাও ভিজে ধান নিয়ে তৈরি হয় নতুন সমস্যা। অবশেষে আকাশ পরিষ্কার হয়ে রোদ উঠতেই ফসল ঘরে তুলতে তৎপর হয়ে ওঠেন মানবাজার এলাকার কৃষকরা।
রবিবার সকাল থেকেই আকাশ পরিষ্কার হয়ে রোদ উঠলে মাঠে নামেন কৃষকরা। সোমবারও সকাল থেকে মানবাজারের বিভিন্ন এলাকায় ধান ঘরে তোলার ব্যস্ততা চোখে পড়ে। কোথাও মাঠে কেটে রাখা ভেজা ধান রোদে শুকনোর জন্য নেড়েচেড়ে দিচ্ছেন চাষিরা। আবার কোথাও জমি থেকে ভেজা ধান তুলে রাস্তার ধারে কিংবা জমির আলের পাশে জড়ো করে যন্ত্রের সাহায্যে ধান ঝাড়াই করে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তাঁরা। অন্যদিকে, যেসব জমিতে এখনও ধান কাটা হয়নি, সেই জমিতে হারভেস্টার মেশিনের সাহায্যে দ্রুত ধান কাটতে দেখা যায় অনেক কৃষককে। অনেকের কাছে আবার সেই সুযোগও তৈরি হয়নি।
ধান কাটার পর অবশিষ্ট খড়ও কৃষকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খড় বিক্রি করে অনেকেই বাড়তি কিছু অর্থ উপার্জন করেন। আবার বহু কৃষক নিজেদের গবাদি পশুর খাদ্য হিসেবেও খড় ব্যবহার করেন। ফলে কয়েক দিনের বৃষ্টিতে শুধু ধান নয়, খড়ের ক্ষতির আশঙ্কাও দেখা দিয়েছে। পাশাপাশি ভিজে যাওয়া ধানের গুণমান নষ্ট হওয়া এবং ফসলের ক্ষতি নিয়েও উদ্বেগে রয়েছেন চাষিরা। যদিও ক্ষতিগ্রস্ত চাষিদের প্রাথমিকভাবে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে।
এদিন মানবাজারের কৃষক চুনরাম বাউরী ও কার্তিক বাউরী বলেন, মাঠে ধান কেটে রাখা ছিল। বৃষ্টিতে সেই ধান ভিজে গিয়েছে। রোদ ওঠার পর থেকে সেগুলি শুকানোর চেষ্টা করছি। পাশাপাশি যন্ত্রের সাহায্যে ধান ঝাড়াই করে কোনোরকমে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।
এলাকার কৃষকদের দাবি, যা আবহাওয়ার অবস্থা তাতে আবারও বৃষ্টিপাত হলে সমস্যায় পড়তে হবে। সেই কারণে অনেকেই মাঠে ধান পুরোপুরি শুকনোর ভরসা করছেন না। আকাশ অল্প পরিষ্কার হতেই ধান যাতে বাড়িতে তোলা যায় সেই চেষ্টায় করছেন কৃষকরা। যাতে অতিরিক্ত ক্ষয়ক্ষতির হাত থেকে ফসলকে বাঁচানো যায়। -নিজস্ব চিত্র



