নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: মাঠজুড়ে সোনালি ধান। আর কয়েকটা দিন পরই সেই ফসল উঠত গোলায়। কিন্তু এবার সেই ধান আর গোলায় উঠবে কি না তা নিয়েই সংশয় তৈরি হল। গতবছর নভেম্বরের শুরুতে টুংরো ভাইরাসের আক্রমণে বীরভূমের বিস্তীর্ণ এলাকায় একরের পর একর জমির ধান নষ্ট হয়েছিল। দামি কীটনাশক দিয়েও পোকা রোখা যায়নি। আলু চাষ করে সেই লোকসান সামাল দেওয়ার চেষ্টা করলেও আলুর দাম মেলেনি। তাই এবছর ধানের ফলন ভাল হওয়ায় চাষিরা আশায় বুক বেঁধেছিলেন। ভেবেছিলেন পুরনো ক্ষতি এবার অন্তত পুষিয়ে নেবেন। কিন্তু নিম্নচাপের অকালবৃষ্টি সেই আশায় জল ঢেলে দিল। টানা বৃষ্টিতে সিউড়ি, দুবরাজপুর থেকে শুরু করে বোলপুর, নানুর, লাভপুর, সর্বত্রই চাষিদের মাথায় হাত পড়ল।
শুক্রবার সকাল থেকেই নিম্নচাপ ‘আকভান’-এর জেরে শুরু হওয়া বৃষ্টিতে বীরভূমের চাষিদের ঘরে এখন শুধুই হাহাকার। এদিন বাড়ির উঠানে বসে কার্যত কপাল চাপড়াচ্ছেন নানুরের শুভেন্দু ঘোষ, সুকুমার পালরা। ক’দিন ধরেই ধান কাটবেন ভেবেছিলেন। কিন্তু ধান কাটার মেশিন না মেলায় সেই কাজ আর হয়ে ওঠেনি। এখন মাঠে থইথই জল, আর তারমধ্যেই মুখ থুবড়ে পড়ে রয়েছে তাঁদের হাড়ভাঙা খাটুনির ফসল। শুভেন্দুবাবু আক্ষেপের সুরে বলেন, গতবছর পোকার আক্রমণে ধানের একেবারে দফারফা হয়ে গিয়েছিল। এবছর ফলন ভাল হওয়ায় ভেবেছিলাম লোকসান পুষিয়ে নেব। কিন্তু এই সর্বনাশা বৃষ্টি! মনে হচ্ছে সব পরিশ্রম জলেই গেল। মাঠের ধান আদৌ ঘরে তুলতে পারব কি না জানি না।
পাড়ুই এলাকার চাষি শেখ ইসমাইল, সিউড়ি-২ ব্লকের বিশ্বনাথ বাগদি এবার ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে চাষ করেছিলেন। ইসমাইল সাহেবের প্রায় তিন বিঘা জমির ধান কেটে জমিতেই রাখা ছিল। তোলা হয়নি। বৃষ্টির জেরে সেই ধান এখন জলের তলায়। ধরা গলায় তিনি বলেন, এই ধান আর বাড়ি তুলতে পারব কি না জানি না। আর যদি তুলতেও পারি সেই ধান কি আর ভাল থাকবে? বিক্রি হবে কি না তা নিয়েও ঘোর সংশয় রয়েছে। ব্যাংকের ঋণ কী করে শোধ করব ভেবে কূলকিনারা পাচ্ছি না।
জেলার কৃষিদপ্তর সূত্রে জানা গিয়েছে, বীরভূম জেলায় প্রায় ৩ লক্ষ ২০ হাজার হেক্টর জমিতে এবার আমন ধানের চাষ হয়েছে। অধিকাংশ জায়গাতেই ধান পেকে গিয়েছে, কাটার কাজও সবে শুরু হয়েছিল। জেলার এক কৃষি আধিকারিক জানান, এই অকাল বৃষ্টির জেরে ধানে ক্ষতির বড়সড় আশঙ্কা রয়েছে। তবে সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণের ব্যবস্থাও করা হবে।
ধানের পাশাপাশি চিন্তার ভাঁজ পড়েছে আলু এবং অন্যান্য সবজি চাষিদের কপালেও। লাভপুরের সবজি চাষি হরিহর দাসের কথায়, এই বৃষ্টির জেরে জমি শুকাতে অনেক সময় লাগবে। ফলে আলু চাষ অনেকটাই পিছিয়ে যাবে। পাশাপাশি শীতের সবজি চাষেও ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে নিম্নচাপের এই অকাল বৃষ্টি জেলার কৃষকদের কাছে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে।



