Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

অপহরণের চেষ্টা ঘিরে গণ্ডগোল, পরিস্থিতি সামালাতে গিয়ে আক্রান্ত পুলিস

এক যুবককে অপহরণের চেষ্টা ঘিরে গণ্ডগোল রাজারহাটের হাড়োয়া খাল এলাকায়। অভিযুক্ত তিনজনকে মারধর করেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন পুলিসকর্মীরাও।

অপহরণের চেষ্টা ঘিরে গণ্ডগোল, পরিস্থিতি সামালাতে গিয়ে আক্রান্ত পুলিস
  • ১২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: এক যুবককে অপহরণের চেষ্টা ঘিরে গণ্ডগোল রাজারহাটের হাড়োয়া খাল এলাকায়। অভিযুক্ত তিনজনকে মারধর করেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন পুলিসকর্মীরাও। এই ঘটনায় রাজারহাট থানায় দু’টি পৃথক অভিযোগ দায়ের হয়েছে। অপহরণের চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, মারধর ও পুলিসের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার হয়েছে আরও একজন।

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায়। এক যুবক অভিযোগ করেছেন, রাজারহাট থানার অন্তর্গত হাড়োয়া খালের সামনে একটি চলন্ত গাড়িতে তাঁকে জোর করে তোলা হচ্ছিল। গাড়িতে চারজন ছিলেন। কিন্তু, যুবকের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে যান। তারপরই গাড়িতে থাকা চারজনের মধ্যে একজন পালিয়ে যান। বাকি তিনজনকে পাকড়াও করে মারধর করেন স্থানীয় বাসিন্দারা। খবর পাওয়া মাত্র রাজারহাট থানার পুলিস সেখানে পৌঁছয়। বিক্ষোভকারীদের হটিয়ে তিনজনকে উদ্ধার করতে গেলে স্থানীয় বাসিন্দাদের হাতে একজন সাব-ইনসপেক্টর, একজন কনস্টেবল এবং একজন সিভিক ভলান্টিয়ার আক্রান্ত হন।
প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, অপহরণের চেষ্টায় যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা অভিযোগকারীর পূর্ব পরিচিত। পুরনো কোনও বিবাদ থেকেই এই ঘটনা বলে অনুমান। তদন্ত শুরু হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ