নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাত তুলে গালি দেওয়ার অভিযোগ উঠেছিল বাগবাজার স্কুলের প্রধান শিক্ষিকা ও এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে। কিন্তু আদালতে সেই অভিযোগ প্রমাণিত হয়নি। আর সে কারণে জামিনে থাকা দুই অভিযুক্ত শিক্ষিকাকে মামলা থেকে মুক্তি দিল আদালত। সম্প্রতি কলকাতার নগর দায়রার (বিচারভবন) বিশেষ আদালত এই নির্দেশ দেয়। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালে সংশ্লিষ্ট স্কুলের বিজ্ঞানের শিক্ষিকা শ্যামপুকুর থানায় এইমর্মে এফআইআর দায়ের করেন স্কুলের প্রধান শিক্ষিকা ও সহকারী এক শিক্ষিকার বিরুদ্ধে। সেই মর্মে আইন মোতাবেক মামলা দায়ের হয়। পরবর্তী সময় দুই অভিযুক্ত শিক্ষিকা আদালতে হাজির হয়ে জামিন নেন। গত বছরের ফেব্রুয়ারি মাসে শ্যামপুকুর থানা তদন্ত শেষ করে বিচারভবনের বিশেষ আদালতে চার্জশিট পেশ করে। মামলায় সাক্ষী করা হয় ১৪ জনকে। মুক্তিপ্রাপ্ত দুই শিক্ষিকার তরফে কৌঁসুলি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায় বলেন,‘আদালত থেকে ন্যায় বিচার পেয়ে আমরা খুশি। মক্কেলদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছিল, আদালতের রায়ে তা প্রমাণ হয়ে গেল।’



