Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঋণের কিস্তি জোগাড় করতে না পেরে আত্মঘাতী গৃহবধূ

ঋণের কিস্তি জোগাড় করতে না পেরে আত্মঘাতী গৃহবধূ
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান শহরের রাধানগর ষষ্ঠীতলা এলাকায় ঋণের কিস্তির টাকা জোগার করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়ে গলায় ফাঁস লাগিয়ে এক গৃহবধূ আত্মঘাতী হয়েছেন। মৃতার নাম পাপিয়া রায়(৩৭)। বুধবার দুপুরে ঘরে বাঁশের কাঠামোয় গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। তড়িঘড়ি গামছা কেটে নামিয়ে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে বেশকিছু টাকা তিনি ঋণ করেছিলেন। ঘটনার দিন তাঁর ঋণের কিস্তি দেওয়ার কথা ছিল। কিন্তু, কিস্তির টাকা জোগাড় না হওয়ায় তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি। 
Advertisement
বৃদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার: মেমারি থানার পালসিটে এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে বাড়ির আমগাছে দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। তড়িঘড়ি উদ্ধার করে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতার নাম মাধবী সামন্ত(৬৪)। তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিসের অনুমান। 
মেমারিতে আত্মঘাতী প্রৌঢ়: মেমারি থানার কাশীরামপুরে গলায় ফাঁস লাগিয়ে এক প্রৌঢ় আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম প্রশান্ত ক্ষেত্রপাল(৫৩)। তিনি পেশায় খেতমজুর ছিলেন। বুধবার বিকেলে ঘরে বাঁশের কাঠামোয় দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরিবারের দাবি, তিনি নানান রোগে ভুগছিলেন। ইদানীং তাঁর শারীরিক সমস্যা বেড়ে যায়। রোগযন্ত্রণা সহ্য করতে না পেরে মানসিক অবসাদে তিনি আত্মঘাতী হয়েছেন। 
আউশগ্রামে প্রৌঢ়ের দেহ উদ্ধার: অপর একটি ঘটনায় আউশগ্রাম থানার রামহরিপুরে এক প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে বাড়ি থেকে কিছুটা দূরে জঙ্গলে গাছে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতের নাম হারাধন ঘোষ(৫২)। তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিসের অনুমান। তাঁর আত্মহত্যার কারণ নিয়ে ধন্দে পরিবারের লোকজন।
সম্পর্কিত সংবাদ