Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঋণের কিস্তি দিতে না পেরে লালগোলায় আত্মঘাতী বধূ

ঋণের কিস্তি দিতে না পেরে লালগোলায় আত্মঘাতী বধূ
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: ঋণের কিস্তি দিতে না পারায় বেসরকারি ব্যাঙ্ক কর্মীদের অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী হলে এক গৃহবধূ। মৃত গৃহবধূর নাম সুলোচনা সিংহ(৪৫)। বাড়ি লালগোলা থানার বালুটুঙি। বুধবার সকালে কিস্তির টাকা আদায়ের জন্য বাড়িতে চড়াও হয়ে কর্মীরা প্রতিবেশীদের সামনে চরম অপমান করে যান বলে অভিযোগ। কিছুক্ষন পরে ফের আসব বলে জানিয়ে কিস্তির টাকা রেডি রাখতে বলেন। তার আগেই সকাল ১১টা নাগাদ বাড়িতে উকুনমারা কীটনাশক খান সুলোচনাদেবী। দুপুর ২টো নাগাদ জানাজানি হতে লালবাগ মহকুমা হাসপাতালে আনা হয়। পরে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বুধবার সন্ধ্যায় সেখানেই মৃত্যু হয়। লালগোলা থানার পুলিস জানিয়েছে, কোন অভিযোগ হয়নি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।
Advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, মাস ছ’য়েক আগে  মেয়ের বিয়ের জন্য দু’দফায় স্থানীয় একটি ব্যাঙ্ক থেকে দেড় লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন সুলোচনাদেবী। একটি ঋণের মাসিক কিস্তি ছিল চার হাজার টাকা। অপর ঋণের জন্য সপ্তাহে ন’শো টাকা কিস্তি দিতে হত। বুধবার কিস্তি দেওয়ার দিন ছিল। টাকা জোগার করতে না পারায় ব্যাঙ্ক কর্মীরা বাড়িতে এসে অপমান করে যায়। সেদিন দুপুরের মধ্যেই কিস্তির টাকা মিটিয়ে দেওয়ায় হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।  মৃতের ছেলে দেবাশিষ সিংহ বলেন, দুপুরে ব্যাঙ্ক কর্মীরা বাড়িতে গিয়ে সাড়া না পাওয়ায় আমাকে ফোন করে। আমি সন্ধ্যার মধ্যে টাকা দিয়ে দেব বলি। কিন্তু ওরা কিছুতেই মানতে চায়নি। কাজ থেকে দুপুরে বাড়ি ফিরে এসে দেখি মা কীটনাশক খেয়েছে।
সম্পর্কিত সংবাদ