Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ঋণের দায়ে জর্জরিত হয়ে লাভপুরে বিষ খেয়ে আত্মঘাতী হলেন বৃদ্ধ দম্পতি

ঋণের দায়ে জর্জরিত হয়ে লাভপুরে বিষ খেয়ে আত্মঘাতী হলেন বৃদ্ধ দম্পতি
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বোলপুর: ঋণের দায়ে জর্জরিত হয়ে বিষ খেয়ে আত্মঘাতী হলেন বৃদ্ধ দম্পতি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বীরভূমের লাভপুর থানার চৌহাট্টা- মহদরি দু''নম্বর পঞ্চায়েতের বামনা গ্রামে। মৃতদের নাম লক্ষণ মুখোপাধ্যায় (৬০) ও বনশ্রী মুখোপাধ্যায় (৫৫)। আকস্মিক এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিজের এলাকার একটি দোকানে কাজ করে যৎসামান্য উপার্জন করে কোনও রকমে সংসার চালাতেন তাঁরা।‌ তার মধ্যেই ব্যাঙ্ক থেকে বেশ কিছু লোন নিয়ে দুই মেয়ের কোনওক্রমে বিয়ে দিয়েছিলেন। কিন্তু উপার্জনের তুলনায় লোনের পরিমাণ বাড়তে থাকায় শোধ করার জন্য ব্যাঙ্ক থেকে চাপ বাড়ছিল। কীভাবে এত টাকার লোন পরিশোধ হবে, তা নিয়ে চিন্তায় ঘুম উড়েছিল স্বামী-স্ত্রীর। এর মধ্যে কিছু লোনের কিস্তি ছিল সাপ্তাহিক ও মাসিক। কিন্তু নির্দিষ্ট সময়ে সেই টাকা শোধ না করতে পারায় তাঁদের দিন গুজরানের পরিস্থিতি ক্রমেই কঠিন হয়ে পড়ে। এরপর কিছু উপায় না দেখে আজ, বুধবার স্থানীয় কুয়ে নদী সংলগ্ন এলাকায় চাষের কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন। নদীর পারে তাঁদের দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা দ্রুত বোলপুর মহাকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। এ প্রসঙ্গে লক্ষণ বাবুর ভাই রামগোপাল মুখোপাধ্যায় বলেন, “দুই মেয়েকে বিয়ে দিয়ে অনেকদিন ধরে দাদার পরিবারে আর্থিক অনটন চলছিল। বেশ কিছুদিন ধরে লোনের কিস্তির টাকার চাপ বাড়ছিল, বলে শুনেছিলাম। কিন্তু এরকম ঘটনা ঘটবে ভাবতে পারছি না।' অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে লাভপুর থানার পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ