লখনউ: জল্পনার অবসান। এবছরই চারহাত এক হচ্ছে রিঙ্কু সিং ও সাংসদ প্রিয়া সরোজের। লখনউয়ের এক হোটেলে আগামী ৪ ডিসেম্বর বসবে বিয়ের বাসর। তার প্রস্তুতি এখন তুঙ্গে। বিয়েতে দুই পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত থাকবেন বেশ কয়েকজন বিশেষ অতিথি। আসতে পারেন ভারতীয় দলের ক্রিকেটাররাও।
রিঙ্কু ও প্রিয়ার বাগদান অবশ্য হয়েছিল গত বছরের ৮ জুন। তার প্রায় দেড় বছর পর বিয়ে হচ্ছে দু’জনের। চলতি বছরের জুনেই অবশ্য বিয়ের কথা ছিল। কিন্তু প্রিয়ার বাবার মৃত্যুর কারণে তা স্থগিত হয়ে যায়। অবশেষে প্রকাশ্যে এসেছে পরিবর্তিত সেই তারিখ। উল্লেখ্য, রিঙ্কুর ম্যাচ থাকলে প্রিয়াকে ক্রিকেট মাঠে দেখা গিয়েছে অতীতে। কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে ইডেনের গ্যালারিতে হাজির ছিলেন সমাজবাদী দলের তরুণী সাংসদ। রিঙ্কু জানিয়েছেন যে, ২০২২ সালে কোভিড চলাকালীন তাঁদের পরিচয় হয়। সোশ্যাল মিডিয়ায় প্রিয়ার ছবি দেখে মুগ্ধ হন বাঁ-হাতি ব্যাটার। সঙ্গে সঙ্গে ভালো লেগে যায়। তবে প্রিয়াকে মেসেজ পাঠানো ঠিক হবে কিনা, তা বুঝতে পারছিলেন না। এরই মধ্যে রিঙ্কুর ছবিতে ‘লাইক’ দেন প্রিয়া। তারপরই কেটে যায় রিঙ্কুর সংশয়। এভাবেই শুরু দু’জনের প্রেমপর্ব, যা পূর্ণতা পাচ্ছে ডিসেম্বরে।