Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ঋণ পেতে গেলে লাগাতে হবে গাছ, শর্ত স্বনির্ভর গোষ্ঠীকে

ঋণ পেতে গেলে লাগাতে হবে গাছ, শর্ত স্বনির্ভর গোষ্ঠীকে
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: ঋণ পেতে গেলে লাগাতে হবে গাছ। শুধু গাছ লাগিয়ে দায় সারলেই হবে না। নিয়মিত সেসব গাছের পরিচর্যাও করতে হবে। ঋণ পেতে গেলে স্বনির্ভর গোষ্ঠীকে এই নিয়ম মানতে হবে। না মানলে আগামী দিনে ঋণের সুবিধা থেকে বঞ্চিত হবে। এবিষয়ে শুক্রবার সিউড়ি পুরসভা ও স্বনির্ভর গোষ্ঠীগুলির মধ্যে একটি চুক্তিপত্র স্বাক্ষর হল। পরিবেশের স্বার্থে পুরসভার এই উদ্যোগকে পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা কুর্নিশ জানিয়েছেন।
Advertisement
সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, মূলত সবুজ রক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। বকুল, আম সহ বিভিন্ন চারাগাছ এদিন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের দেওয়া হয়েছে। সেসব গাছের সঠিক পরিচর্যা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে মাঝেমধ্যে অভিযানও চালানো হবে। নগর জীবিকা মিশনের আওতায় স্বনির্ভর গোষ্ঠী স্বল্প সুদে ঋণ পেয়ে থাকে। সিউড়ি পুর এলাকার ৫৬টি গোষ্ঠী সেই ঋণের ছাড়পত্র পেয়েছে। তার মধ্যে এদিন প্রাথমিকভাবে ১০টি গোষ্ঠীকে পুরসভার তরফে চেক দেওয়া হয়। সেইসঙ্গে চুক্তিপত্রে সই করে গাছের চারাও উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ