Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঋণ নিয়ে তাগাদার ঠেলায় অতিষ্ঠ, মানিকচকে পুলিসের দ্বারস্থ বধূরা

ঋণ নিয়ে তাগাদার ঠেলায় অতিষ্ঠ, মানিকচকে পুলিসের দ্বারস্থ বধূরা
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানিকচক: বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে মহা ফ্যাসাদে মানিকচকের বধূরা। কিস্তি নিতে রাতবিরেতে বাড়িতে হাজির হচ্ছেন সংস্থার কর্মীরা। টাকা না দিলে গরু, ছাগল তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগও উঠেছে। উপায় না দেখে মানিকচক থানার দ্বারস্থ নূরপুর শ্যামলাল পাড়া গ্রামের বধূরা। পুলিস তদন্ত শুরু করেছে। ঋণ দিতে বিভিন্ন বেসরকারি সংস্থার এজেন্টরা নুরপুর পঞ্চায়েতের শ্যামলাল পাড়ায় ঘুরে বেড়ান। তবে সুদ খুব চড়া। এই গ্রামের প্রায় শতাধিক মহিলা এই সমস্ত বিভিন্ন সংস্থা থেকে সহজ উপায়ে লোন নিয়েছেন। অভিযোগ, আসল টাকা দিয়ে দিলেও সুদের জন্য মাটি কামড়ে পড়ে রয়েছেন সংস্থার কর্মীরা। অনেক সময় গভীর রাতে বাড়িতে হাজির হচ্ছেন তাঁরা। এই গ্রামের বেশিরভাগ পুরুষই পরিযায়ী শ্রমিক। ফলে ঋণ সংস্থার কর্মীরা যখন তখন চলে আসায় আতঙ্কে ভুগছেন তাঁরা। তাই মানিকচক থানার দ্বারস্থ হয়ে ঋণদানকারী সংস্থা  এবং কর্মীদের নামে লিখিত অভিযোগ করেছেন মহিলারা।
Advertisement
বধূ আলিনুর বিবি বলেন, পরিবারের সুবিধার জন্য ঋণ নিয়েছিলাম। আসল টাকা দিয়ে দেওয়া হয়েছে। সুদের জন্য আমাদের ভয় দেখানো হচ্ছে। আমরা সেই টাকা দিতে রাজি। কিন্তু তার সঙ্গেও চড়া সুদ যোগ করছে। 
একই অবস্থা গ্রামের আরেক বধূ সাবানা বিবির। তাঁর কথায়, আমাদের মান সম্মান নিয়ে খেলছে কর্মীরা। গভীর রাত পর্যন্ত বাড়িতে থাকে তারা। অভব্য আচরণ করে। প্রশাসনকে পাশে থাকার আবেদন জানাচ্ছি।
যদিও ঋণ সংস্থার কর্মী মুকলেসুর মণ্ডল বলেন, সংস্থার নিয়ম অনুযায়ী টাকা আদায় করা হচ্ছে। বধূরা যে সমস্ত অভিযোগ করছেন, তা ভিত্তিহীন।
সম্পর্কিত সংবাদ