Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

নেতা শ্রেয়সের প্রশংসায় পন্টিং

গত মরশুমে ফাইনালে উঠেও স্বপ্নপূরণ হয়নি। চলতি মরশুমে কোটিপতি লিগে অধরা মাধুরী লাভে প্রতিজ্ঞাবদ্ধ দেখাচ্ছে পাঞ্জাব কিংসকে।

নেতা শ্রেয়সের প্রশংসায় পন্টিং
  • ২১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ চণ্ডীগড়: গত মরশুমে ফাইনালে উঠেও স্বপ্নপূরণ হয়নি। চলতি মরশুমে কোটিপতি লিগে অধরা মাধুরী লাভে প্রতিজ্ঞাবদ্ধ দেখাচ্ছে পাঞ্জাব কিংসকে। শ্রেয়স আয়ারের নেতৃত্বে এখনও অপরাজিত তারা। ছয় ম্যাচে পকেটে ১১ পয়েন্ট, অশ্বমেধের ঘোড়ার মতো দৌড়াচ্ছে দল। এর নেপথ্যে বড় ভূমিকা ক্যাপ্টেনের। ব্যাটে দুশোর বেশি রান করার পাশাপাশি নেতৃত্বেও নজর কেড়েছেন শ্রেয়স। দুরন্ত ফিল্ডিংয়েও কুড়িয়েছেন প্রশংসা। পাঞ্জাব কোচ রিকি পন্টিং রীতিমতো উচ্ছ্বসিত, ‘আমার সৌভাগ্য যে ওকে অধিনায়ক হিসেবে পেয়েছি। ও শীর্ষস্থানীয় ব্যাটসম্যান, অসাধারণ ক্যাপ্টেন, সত্যিকারের নেতা। যেভাবে নেতৃত্ব দিচ্ছে, প্রতি ম্যাচে অবদান রাখছে, তাতে আমি মুগ্ধ। টি-২০ ফরম্যাটে ভারতের অন্যতম সেরা ক্রিকেটার শ্রেয়স।’

Advertisement

এই মুহূর্তে দেশের টি-২০ দলে নেই তিনি। বিশ্বজয়ী স্কোয়াডে জায়গা হয়নি তাঁর। তবে আইপিএলে দুরন্ত ফর্মের নিরিখে শ্রেয়সকে জাতীয় দলে ফেরানোর আলোচনা শুরু হয়েছে। প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন ইতিমধ্যে সেই দাবি তুলেছেন। ২০২০ সাল থেকে দেখলে আইপিএলে সফলতম ক্যাপ্টেন তিনি। ৬৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে জিতেছেন ৪০টিতে। এই সময়কালে এত ম্যাচ কোনো অধিনায়ক জেতেননি। বোর্ড মহলে সূর্যকুমার যাদবের পর ক্যাপ্টেন হিসেবে শ্রেয়সকে গড়ে তোলার চিন্তাভাবনা তাই শোনা যাচ্ছে। চলতি বছরে ১৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত জাপানে হবে এশিয়ান গেমস। একই সময়ে ভারতে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ ও তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে আসবে ওয়েস্ট ইন্ডিজ। ফলে একই সময়ে দুটো ভারতীয় দল তৈরি রাখতে হবে। তখনই শ্রেয়সকে কোনো একটির নেতৃত্বে দেখা যেতে পারে। স্বয়ং শ্রেয়স আবার মজেছেন বৈভব সূর্যবংশীর ব্যাটে। তাঁর বিশ্লেষণ, ‘অসাধারণ প্রতিভা। যাবতীয় বিশেষণ কম পড়ে যাচ্ছে ওর সামনে। নিঃসন্দেহে ও আগামীর তারকা।’

সম্পর্কিত সংবাদ