Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ ফিরছেন রিচা, বিশ্বকাপজয়ী মেয়েকে চাকরির প্রস্তাব রাজ্যের

ভারতের মহিলাদের প্রথম বিশ্বকাপ জয়ের অন্যতম কাণ্ডারি রিচা ঘোষ। ইতিহাস গড়ে শুক্রবার সকালেই ঘরে ফিরছেন সোনার মেয়ে।

আজ ফিরছেন রিচা, বিশ্বকাপজয়ী মেয়েকে চাকরির প্রস্তাব রাজ্যের
  • ৭ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি ও বাগডোগরা: ভারতের মহিলাদের প্রথম বিশ্বকাপ জয়ের অন্যতম কাণ্ডারি রিচা ঘোষ। ইতিহাস গড়ে শুক্রবার সকালেই ঘরে ফিরছেন সোনার মেয়ে। মেগা আসরে অনবদ্য পারফরম্যান্সের জন্য রিচাকে চাকরি দিতে চায় রাজ্য সরকার। তাঁর বাবা মানবেন্দ্র ঘোষের কথায়, ‘রাজ্য সরকারের তরফে মেয়েকে চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে।’তবে তাঁর মেয়ে এই প্রস্তাব গ্রহণ করবেন কিনা সেব্যাপারে পরিস্কারভাবে কিছু বলেননি তিনি।

Advertisement

শুক্রবার জাতীয় পতাকা লাগানো হুড খোলা জিপে বাগডোগরা বিমানবন্দর থেকে সুভাষপল্লির বাড়িতে রিচাকে নিয়ে  আসা হবে। যাত্রাপথে পুষ্পবৃষ্টিতে রিচাকে স্বাগত জানাবে তাঁর ক্লাব, বাঘাযতীন অ্যাথলেটিক। বিকেলে বাঘাযতীন পার্কে নাগরিক সংবর্ধনা জানাবে শিলিগুড়ি পুরসভা।  
মাত্র একদিনের জন্য বাড়িতে ফিরছেন রিচা। শনিবার সকালেই চলে যাবেন কলকাতায়। সেখানে  সিএবি’র সংবর্ধনা নিয়ে ফের যাবেন দিল্লিতে। ঝটিকা সফরে রিচাকে স্বাগত ও সংবর্ধনা জানাতে শিলিগুড়িজুড়ে বৃহস্পতিবার ব্যস্ততা ছিল তুঙ্গে।
রিচাকে স্বাগত জানাতে বিমানবন্দরে তাঁর বাবা-মা’র সঙ্গে থাকবেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি বলেন, ‘মাত্র ২২ বছর বয়সে রিচা আইকন হয়ে উঠেছেন।  শিলিগুড়ির খেলাধুলো ও মেয়েদের অনুপ্রেরণা। তাই দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে আবেদন  বাগডোগরা থেকে শুরু করে সুভাষপল্লি রিচার বাড়ি পর্যন্ত রাস্তার দু’ধারে স্থানীয় ক্লাব, বিভিন্ন সংগঠন সোনার মেয়ের প্ল্যাকার্ড, হোর্ডিংয়ে  সাজিয়ে তুলুন।’ তারজন্য বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই জায়গায় জায়গায় প্রস্তুতি শুরু হয়ে যায়।  রিচার বাড়িতেও ছিল ব্যস্ততা তুঙ্গে। বাড়ি আলোর রোশনাইয়ে সাজিয়ে তোলা হয়েছে। পাশাপাশি বাড়ির সামনে রিচার বিশ্বকাপ জয়ের নানা মুহূর্তের ছবি দিয়ে হোর্ডিংয়ে সেজে উঠেছে।
নাগরিক সংবর্ধনার মঞ্চ থেকে রিচার বাড়ি ৩০০ মিটার দূরে। মেয়র বলেন, ‘রিচার বাড়ি থেকে বাঘাযতীন পার্কের রবীন্দ্রমঞ্চ পর্যন্ত রাস্তা লাল কার্পেট বিছানো থাকবে।  রাস্তার দু’ধারে মহিলা ক্রিকেটার সহ অন্যান্য খেলোয়াড়রা থাকবেন। রিচাকে গার্ড অব অনার দেওয়া হবে। মঞ্চে ওঠার সময় বেজে উঠবে পুলিশের ব্যান্ড। এই সম্মান রিচার প্রাপ্য।’
বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবের সম্পাদক প্রসূন দাশগুপ্ত বলেন,‘সময় খুব কম। তাই ক্লাবের সামনের রাস্তায় আমাদের ক্রিকেটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। রিচা বাড়ি ফেরার সময় তারা পুষ্পবৃষ্টি করে স্বাগত জানাবে। সন্ধ্যায় ক্লাবে ওকে সংবর্ধনা জানানো হবে।’  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ