মুম্বই: নিউজিল্যান্ডের প্রথম অধিনায়ক হিসেবে ভারতে টেস্ট সিরিজ জয়ের কীর্তি গড়েছেন টম লাথাম। তারপরও আবেগে ভাসতে নারাজ তিনি। বরং তৃতীয় টেস্টের আগে প্রতিপক্ষকে প্রশংসায় ভরিয়ে দিলেন। তাঁর কথায়, ‘ভারতের শক্তি নিয়ে সংশয়ের অবকাশ নেই। রাতারাতি কেউ খারাপ টিম হয়ে যেতে পারে না। ওদের সময়টা ভালো যাচ্ছে না। তবে তৃতীয় টেস্টে সম্মান উদ্ধারে মরিয়া চেষ্টা চালাবে। তাছাড়া মুম্বইয়ের উইকেট ওরা ভালোমতোই জানে। তাই আমাদের সতর্ক থাকতে হবে।’ নিউজিল্যান্ডের সিরিজ জয়ের প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারত সফরের প্রস্তুতি খুব ভালোভাবে হয়েছিল। তারই ফল মিলেছে। সত্যিই এটা দারুণ ব্যাপার। ভারতের বিরুদ্ধে টানা দুটো টেস্ট জেতার পর আমাদের সামনেও তৈরি হয়েছে ডব্লুটিসি ফাইনালে ওঠার সম্ভাবনা। তাই সিরিজ জিতে গেলেও এই ম্যাচকে আমরা মোটেই নিয়মরক্ষার বলে মনে করছি না। চেষ্টা করব জয়ের ছন্দ বজায় রেখেই দেশে ফিরতে। আমাদের ড্রেসিং-রুমকে রীতিমতো উজ্জীবিত দেখাচ্ছে। প্রথম দুটো টেস্টে যেভাবে খেলেছি, সেই মেজাজেই মুম্বইতে নামব আমরা। আশা করি, শেষটাও মধুর হবে।’



