চ্যাম্পিয়ন্স লিগে আজ জয়ের খোঁজে বার্সেলোনা ও বায়ার্ন
  • ৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বার্সেলোনা: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গত ম্যাচে পিএসজি’র কাছে ২-৪ ব্যবধানে বশ মেনেছিল বার্সেলোনা। চলতি মরশুমে সেটাই ছিল তাদের প্রথম হার। এরপরই এল ক্লাসিকোয় হোঁচট খায় হান্স ফ্লিকের ছেলেরা। তবে জোড়া ধাক্কা সামলে লা লিগায় গত ম্যাচে আলাভেসকে গোলের মালা পরান রাফিনহারা। এবার ইউরোপ সেরার আসরেও জয়ে ফিরতে মরিয়া তাঁরা। মঙ্গলবার ঘরের মাঠে বার্সার প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা। টুর্নামেন্টের প্রথম তিনটি ম্যাচেই জয় পেয়েছে ইংল্যান্ডের ক্লাবটি। তাই ফ্লিক ব্রিগেডের জন্য লড়াইটা মোটেই সহজ হবে না। চলতি মরশুমে প্রায় প্রতি ম্যাচেই প্রতিপক্ষকে গোলের মালা পরিয়েছে কাতালন ক্লাবটি। পিএসজি’র কাছে হারলেও দুরন্ত ফুটবল উপহার দিয়েছিলেন ইয়ামালরা। মঙ্গলবার সেই ছন্দ বজায় রাখাই লক্ষ্য কোচ ফ্লিকের।

Advertisement

দিনের অপর ম্যাচে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। টুর্নামেন্টের শেষ দু’টি ম্যাচেই পয়েন্ট খুইয়েছে জার্মান ক্লাবটি। মঙ্গলবার তারাও জয়ে ফিরতে মরিয়া। অন্যদিকে, দুরন্ত ছন্দে রয়েছে ডিয়েগো সিমিওনে ব্রিগেড। সব টুর্নামেন্ট মিলিয়ে শেষ ৯ ম্যাচে অপরাজিত মাদ্রিদের ক্লাবটি। মঙ্গলবার ঘরের মাঠে বায়ার্নের বিরুদ্ধেও পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চাইবে আতলেতিকো।
এদিকে, একের পর এক ম্যাচ হেরে রীতিমতো বেসামাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। কোচ মাইকেল ক্যারিকের ভবিষ্যতও প্রশ্নের মুখে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে রোমার বিরুদ্ধে নামছে ‘রেড ডেভিলস’। এই ম্যাচ জিতলে আপাতত স্বস্তি ফিরবে শিবিরে। আর হারলে আন্তর্জাতিক বিরতির আগেই বিদায় নিশ্চিত হবে কোচ ক্যারিকের। ম্যান ইউ কোচ অবশ্য ভবিষ্যৎ নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন। বরং দলকে খারাপ সময় থেকে টেনে তোলাই তাঁর একমাত্র লক্ষ্য। চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার নামছে গত দু’বারের চ্যাম্পিয়ন পিএসজি’ও। অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ ভিয়ারিয়াল।