সৌগত গঙ্গোপাধ্যায়, কলকাতা: ব্যাটিং দুর্বলতার রোগ আর সারল না বাংলার। মহারাষ্ট্রের অনামী বোলারদের সামনেও সোমবার ইডেনে চোখে সর্ষে ফুল দেখলেন অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ চ্যাটার্জিরা। ব্যাটিং ভরাডুবিতে প্রথম ইনিংসে ১৪৩ রানে অলআউট বঙ্গ ব্রিগেড। তারমধ্যে অভিষেক পোড়েলের ৫৪ এবং প্রদীপ্ত প্রামাণিকের ৩১। জবাবে ব্যাট করতে নেমে অবশ্য স্বস্তিতে নেই মহারাষ্ট্রও। প্রথম দিনের শেষে ২১ রানে ২ উইকেট হারিয়েছে অ্যাওয়ে দল। দু’টি শিকারই মহম্মদ সামির। বল হাতে রীতিমতো ভয়ংকর হয়ে উঠেছিলেন তারকা পেসার। খারাপ আলোর কারণে নির্ধারিত সময়ের আগে খেলা বন্ধ না হলে আরও চাপ বাড়ত মহারাষ্ট্রের উপর। এখনও তারা ১২২ রানে পিছিয়ে।
চলতি মরশুমে ইডেনে প্রথম রনজি ট্রফির ম্যাচ হচ্ছে। তারপর সকাল থেকেই মেঘলা আকাশ। কিন্তু টস ভাগ্য সহায় হয়নি অভিমন্যু ঈশ্বরণের। স্বাভাবিকভাবেই বোলিংয়ের সিদ্ধান্ত নেন মহারাষ্ট্রের অধিনায়ক পৃথ্বী সাউ। ইডেনের পিচে ঘাস ছেঁটে ফেলা হলেও সকালের দিকে বল যথেষ্ট স্যুইং করছিল। কঠিন পিচে মানসিক দৃঢ়তা দেখাতে ব্যর্থ লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা। লাঞ্চের আগেই স্কোর ৭ উইকেটে ১০১। ব্যর্থ অভিমন্যু (১০), অঙ্কুর পাল (১), সুদীপ ঘরামি (১৯), সুরজ সিন্ধু জয়সওয়াল (০)। সুদীপ চ্যাটার্জির (৭) খারাপ সময়ও কিছুতেই কাটছে না। তবে কঠিন পরিস্থিতিতে লড়াকু অর্ধশতরান উপহার দিয়েছেন অভিষেক। ৮টি চার সহ ৬৭ বলে ৫৪ রানের ইনিংস উপহার দেন তিনি। এছাড়া শেষদিকে লড়াই চালান প্রদীপ্তও।
বল হাতে অবশ্য বাংলাকে অক্সিজেন জোগাচ্ছেন সামি। সপ্তম ওভারের প্রথম ও দ্বিতীয় ডেলিভারিতে পৃথ্বী সাউ (১২) ও দিগ্বিজয় পাটিলকে (০) ডাগ আউটে ফেরান তিনি। তারকা পেসারের ইনস্যুইং পৃথ্বীর ব্যাট-প্যাডের মধ্যে দিয়ে গলে স্টাম্প ছিটকে দেয়। আর দিগ্বিজয় এলবিডব্লু হন। এর কিছুক্ষণ পরই খারাপ আলোর জন্য খেলা বন্ধের সিদ্ধান্ত নেন আম্পায়াররা। উল্লেখ্য, ইডেন ছাড়ার সময় সৌরভ গাঙ্গুলির সঙ্গে সাক্ষাত্ করে গেলেন পৃথ্বী সাউ।



