সঞ্জয় সরকার, কলকাতা: জিতলে জিইয়ে থাকবে নক-আউটের আশা। হার বা ড্র মানেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু’র গ্রুপ পর্বেই অভিযান শেষ ইস্ট বেঙ্গলের। এমন পরিস্থিতিতে ঘরের মাঠে ওমানের ক্লাব আল সিবের বিরুদ্ধে ম্যাচকে ফাইনাল হিসাবেই দেখছে হাবাসের ছেলেরা। মঙ্গলবার যুবভারতীতে জয় ছাড়া আর কিছুই ভাবছেন না রশিদ-রামিরেজরা। লাল-হলুদ কোচ হাবাসও জানিয়ে দিলেন, ‘ছেলেরা সেরাটা উজাড় করে দেবে। তবে এই ম্যাচেও দলে রোটেশন প্রক্রিয়া জারি থাকবে।’ প্রথম একাদশ নিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন স্প্যানিশ কোচ। সোমবার অনুশীলনেও সকলকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিলেন তিনি।
মাত্র এক সপ্তাহ আগেই ওমানের মাটিতে আল সিবের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল ইস্ট বেঙ্গল। আপাতত তিন ম্যাচে মাত্র দু’পয়েন্ট নিয়ে গ্রুপ ডি’তে তৃতীয় স্থানে রয়েছে মশাল বাহিনী। গ্রুপের প্রথম দু’ম্যাচের তুলনায় আল সিবের বিরুদ্ধে সেভাবে সুযোগ তৈরি করতে ব্যর্থ ডেভিডরা। মঙ্গলবার ঘরের মাঠে নামার আগে এই জায়গায় বাড়তি জোর দিচ্ছেন অভিজ্ঞ স্প্যানিশ কোচ। তাঁর কথায়, ‘অল্প সময়ের ব্যবধানে আইএসএল ও এসিএলের ম্যাচ খেলতে হচ্ছে। ফলে প্রস্তুতির খুব বেশি সময় থাকছে না। তবে এই নিয়ে কোনো অজুহাত দিতে চাই না। টুর্নামেন্টে টিকে থাকতে হলে মঙ্গলবার আমাদের জিততেই হবে। গত ম্যাচে আমরা খুব বেশি সুযোগ তৈরি করতে পারিনি। হতে পারে ক্লান্তির প্রভাব পড়ছে। তবে দলে খুব বেশি পরিবর্তন করলে অনেক সময় ছন্দপতন ঘটে। সেটাও মাথায় রাখতে হবে।’
বর্তমানে ইস্ট বেঙ্গল স্কোয়াডে রয়েছেন ৬ বিদেশি। তবে প্রথম একাদশে তিনজনকেই ব্যবহার করছেন হাবাস। দুই ফরোয়ার্ড একে লোবা ও লুকাস জোলিনস্কি এখনও পুরো ম্যাচ ফিট নন। অজি উইঙ্গার ক্রিস ইকোনমিডিস প্রায় দু’মাসের বেশি সময় দলের সঙ্গে অনুশীলন করছেন। কিন্তু ম্যাচের পর ম্যাচ তাঁকে বেঞ্চে বসেই কাটাতে হচ্ছে। প্রশ্ন উঠতেই বুদ্ধিমত্তার সঙ্গেই গোটা বিষয়টা এড়িয়ে গেলেন হাবাস। তাঁর সংযোজন, ‘আমি ভারতীয় ও বিদেশি ফুটবলারদের মধ্যে কোনো পার্থক্য দেখি না। এটা ঠিক, লুকাসকে আরও সময় দেওয়া উচিত ছিল। তবে বিষ্ণু, রোহিত দানু, এডমুন্ডরাও ভালো খেলছে।’
আল সিবের কাছেও এটা মাস্ট উইন ম্যাচ। অ্যাওয়ে ম্যাচে তিন পয়েন্ট ছিনিয়ে নিতে ইস্ট বেঙ্গলের মাঝমাঠের দুই ভরসা রশিদ ও রামিরেজকে থামাতে চান কোচ জিরি ছিত্রি। তাঁর মন্তব্য, ‘ইস্ট বেঙ্গল যথেষ্ট শক্তিশালী দল। গত ম্যাচে ওরা জিততেও পারত। তাই আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে। পরিস্থিতি বুঝেই ম্যাচে গোলের জন্য ঝাঁপাবে ছেলেরা।’
ম্যাচ শুরু সন্ধ্যা ৭-১৫ মিনিটে। সরাসরি ফ্যান কোড অ্যাপে।



