অকল্যান্ড: গিল ভাই, অটোগ্রাফ দে দো!
ইডেন পার্কে ভারতের অনুশীলন দেখতে জড়ো হওয়া কয়েকজন ক্রিকেটপ্রেমী চেঁচিয়েই চলছিলেন। সই, সেলফির আবদারে কান পাতা দায়। কিন্তু শুভমান গিলের সেদিকে নজর নেই। তিনি ডুবে থাকলেন ম্যারাথন ব্যাটিংয়ে। বুধবার (ভারতীয় সময় সকাল সাড়ে সাতটায়) এখানেই শুরু নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজ। সোমবার তারই প্রস্তুতিতে ডুবে রইলেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন।
রবিবার লম্বা সময় ধরে ব্যাট করেছিলেন বিরাট কোহলি। এদিন তিনি নেটে নামেননি। তবে মাঠে এসে জিম করেন ভিকে। গাড়িতে করে স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় খানিকক্ষণ থেমে সেন্টার উইকেটের দিকে তাকিয়ে থাকলেন তিনি। সেখানে তখন গিলের সঙ্গে নেটে ব্যাট করছেন লোকেশ রাহুল। শুধু কোহলি একাই নন, আর এক প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাও এদিন ব্যাট করলেন না। অবশ্য তিনি জিমেও আসেননি। হোটেলের ঘরেই ছিলেন হিটম্যান।
শুভমান অবশ্য রবিবার ব্যাট করেননি। তাই এদিন প্রায় তিন ঘণ্টা মাঠে থাকলেন তিনি। এর বেশিরভাগটাই করলেন ব্যাটিং। প্রথমে থ্রো-ডাউন। তারপর রাহুলের সঙ্গে নেটে ব্যাট হাতে আসেন গিল। এক মিনিট ধরে ব্যাটিংয়ের পর অন্যপ্রান্তে চলে আসছিলেন একজন। অন্যজন তখন সেন্টার উইকেটে ব্যাট করছিলেন। এভাবেই চলল একঘণ্টা। এরপর দীর্ঘক্ষণ ধরে চলে ফিল্ডিং সেশন। ক্লোজ-ইন ও স্লিপ ক্যাচিংয়ের পর সীমানার ধারে উঁচুতে মারা ক্যাচ ধরতে থাকেন তিনি। বেরিয়ে যাওয়ার আগে ঘাড়ে খানিকক্ষণ ম্যাসাজ করান গিল। অতীতে ঘাড়ের সমস্যাতেই ভুগতে হয়েছে তাঁকে। সেজন্যই আগাম সতর্কতা।
রাহুল আবার শুরুতে কিপিং প্র্যাকটিস সারেন। সেখানে মিনিট পনেরো ঘাম ঝরানোর পর ব্যাটিং শুরু করেন। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে প্রথম বেসরকারি টেস্টে দুই ইনিংসেই ব্যর্থ হয়েছিলেন লোকেশ। করেন যথাক্রমে ০ ও ৪। তার আগে বিজয়ওয়াড়ায় অন্ধ্রর বিরুদ্ধে রনজি ট্রফির ম্যাচেও আসেনি রান। দু’ইনিংসের মিলিত সংগ্রহ মোটে ৫। রাহুল সেজন্যই রানে ফিরতে মরিয়া।
রবিবার ভারতীয় পেসারদের মধ্যে অংশুল কম্বোজ, গুরনুর ব্রার, আকিব নবিরা লম্বা সময় ধরে বল করেছিলেন। এদিন তাঁরা বিশ্রামে ছিলেন। প্রধানত স্থানীয় বোলাররা ছিলেন নেটে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সোমবারই হ্যামিলটন থেকে অকল্যান্ডে পৌঁছানোর কথা। এই তালিকায় আছেন শ্রেয়স আয়ার, নীতীশ রেড্ডি, নমন ধীর, অর্শদীপ সিং, কুলদীপ যাদবরা। মঙ্গলবার গোটা দল একসঙ্গে অনুশীলন করবে।
এদিকে ঋষভ পন্থর পেশির চোট নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সে রবিবার ফিটনেস টেস্টে তিনি পাশ করতে পারেননি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে অংশ নেওয়ার জন্য আর একবার ফিটনেস টেস্ট দিতে হবে তাঁকে। তবে পাশ করলেও নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে ভারত ‘এ’র তৃতীয় বেসরকারি টেস্টে পন্থের খেলার সম্ভাবনা কম।



