সংবাদদাতা, শিলিগুড়ি: রোগীদের দীর্ঘ অপেক্ষার সমস্যা কমাতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রিউমাটোলজি আউটডোর পরিষেবা সপ্তাহে এক দিনের পরিবর্তে দু’দিন করা হল। হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকে নতুন পরিসরে এই পরিষেবা চালু হওয়ায় রোগীদের মধ্যেও স্বস্তি ফিরেছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এতদিন সপ্তাহে মাত্র একদিন এই আউটডোর চলত। ফলে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করতে হত। অনেক ক্ষেত্রে জায়গার অভাবে ও দীর্ঘ অপেক্ষায় রোগীদের হয়রানির মুখেও পড়তে হত। রোগীদের চাহিদা ও সুচিকিৎসার কথা মাথায় রেখে এবার সপ্তাহে দু’দিন মঙ্গল ও বৃহস্পতিবার করে আউটডোর চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের সুপার ডাঃ কৌশিক ঈশোর বলেন, ডাঃ কৌস্তভ ভৌমিকের তত্ত্বাবধানে বর্তমানে এই পরিষেবা চলছে। হাসপাতাল সুপারের দাবি, উত্তরবঙ্গের সরকারি হাসপাতালগুলির মধ্যে একমাত্র উত্তরবঙ্গ মেডিকেল কলেজেই পৃথকভাবে এই ধরনের রিউমাটোলজি আউটডোর পরিষেবা চালু রয়েছে। পাশাপাশি হেমাটোলজি ক্ষেত্রেও অভিজ্ঞ চিকিৎসকের পরিষেবা মিলছে। সপ্তাহে দু’দিন আউটডোর হওয়ায় রোগীদের চাপ সামলানো সহজ হয়েছে। অনেক ব্যয়বহুল ওষুধও হাসপাতাল থেকে বিনামূল্যে দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
হাসপাতাল কর্তৃপক্ষের পরিকল্পনা, আগামী দিনে রিউমাটোলজি বিভাগে আরও আধুনিক চিকিৎসা পরিষেবা ও প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা রোগীরাও নতুন ব্যবস্থায় উপকৃত হবেন বলে হাসপাতাল সূত্রে খবর।
এদিকে, সুপার স্পেশালিটি ব্লকটি পূর্ণাঙ্গভাবে চালুর উদ্যোগও জোরকদমে এগচ্ছে। ভেঙে পড়া ফলস সিলিং মেরামত, বৈদ্যুতিক সংযোগ সহ বিভিন্ন সংস্কারের কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে ফলস সিলিং ও বৈদ্যুতিক ব্যবস্থার সমস্যার কারণে ব্লকের একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা চালু করা সম্ভব হচ্ছিল না। পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে দ্রুত সুপার স্পেশালিটি ব্লক পূর্ণাঙ্গভাবে চালুর উদ্যোগ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।