Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রোগীর মৃত্যুতে চাঞ্চল্যকর তথ্য, প্রশিক্ষণহীন যুবতীরাই নার্স! তোলপাড় শিল্পাঞ্চল

রোগীর মৃত্যুতে চাঞ্চল্যকর তথ্য, প্রশিক্ষণহীন যুবতীরাই নার্স! তোলপাড় শিল্পাঞ্চল
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: শিল্পাঞ্চলের তরুণীরা রাতারাতি হয়ে যাচ্ছেন নার্স। সংশ্লিষ্ট বিষয়ে কোনওরকম পুঁথিগত বিদ্যা নেই। কোনওরকম প্রশিক্ষণও নেই। গায়ে স্রেফ অ্যাফ্রোন। তাতেই নাকি নার্স! দিব্যি করে যাচ্ছেন রোগীর স্যালাইন দেওয়া, প্রেসার দেখা, ইঞ্জেকশন দেওয়া। একের পর এক চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ ঘিরে অন্তর্তদন্তে উঠে আসছে এমনই চাঞ্চল্যকর তথ্য। 
Advertisement
কিন্তু কেন এমনভাবে ‘নার্স’ সাজিয়ে জীবন নিয়ে খেলা? একথায় জবাব, সস্তায় শ্রম। অর্থাৎ, একজন প্রশিক্ষত নার্সকে স্বাস্থ্যকেন্দ্রে রাখলে তাঁর মাস মাইনে বাবদ খরচ অনেক। সেই জায়গায় পড়াশোনা বা প্রশিক্ষণ ছাড়া কোনও তরুণীকে দিয়ে কাজ করালে টাকা কম দিতে হয়। তাই প্রশিক্ষিত নার্সের নামে  আয়া ও বিভিন্ন বাড়িতে সেবিকার কাজ করা তরুণীদের নার্সের ডিউটি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এভাবে স্বাস্থ্যকেন্দ্র চালাতে পারলে মুনাফা প্রচুর। সুযোগটাকে কাজে লাগাচ্ছেন স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত মালিকদের একাংশ। 
বিষয়টি ইতিমধ্যের স্বাস্থ্যদপ্তরের নজরে এসেছে। অথচ, কোনও এক অজ্ঞাত কারণে কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি বলে শিল্পাঞ্চলবাসীর অভিযোগ।  তাঁদের দাবি, সর্ষের মধ্যে ভুত না থাকলে এ কাজ করা  সম্ভব নয়। এই অভিযোগের মধ্যেই অণ্ডাল থানার উখরায় ভুল চিকিৎসায় শিশুমৃত্যুর অভিযোগ ওঠে। অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা। ডাক্তারের চেম্বার ভাঙচুর করা হয়। বিক্ষোভকারীদের হাত থেকে বাদ পড়েনি পুলিসও। পুলিসকে মারধরের অভিযোগে চারজন গ্রেপ্তার হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন উখরা গ্রাম পঞ্চায়েত প্রধানের ভাগ্নেও। 
প্রশিক্ষিত  নার্সের নামে আয়াদের ডিউটি করার বিষয়টি স্বীকার করে নিচ্ছে জেলা স্বাস্থ্যদপ্তর। মুখ্যস্বাস্থ্য আধিকারিক শেখ মহম্মদ ইউনুস বলেন, অনেক সময়ে আমরা আচমকা ভিজিটে গিয়ে দেখছি যথাযথ প্রশিক্ষণ না থাকা তরুণীরা স্বাস্থ্য প্রতিষ্ঠানে কাজ করছেন। তদন্তের খবর শুনে রেজিস্টার নার্সদের পড়িমড়ি করে হাসপাতালে আসতে দেখা যাচ্ছে। এক একজন প্রশিক্ষিত নার্সকে একাধিক স্বাস্থ্য প্রতিষ্ঠান নিজেদের কর্মী দেখিয়ে কাজ করানোর সম্ভাবনা থাকতে পারে। কিন্তু এখনও বিষয়টি ধরার মতো পরিকাঠামো আমাদের নেই। আমরা ঘন ঘন ভিজিট করার সিদ্ধান্ত নিয়েছি।’ 
সদ্য বাবা হওয়া বাসুদেব চট্টোপাধ্যায় বলেন, আমার সন্তানের জন্মের দিনই স্ত্রীর হাতে একাধিক ইঞ্জেকশন দেওয়ার চিহ্ন দেখতে পাই। আমি প্রশ্ন করতে নার্স উত্তর দিয়েছিল, ওর নাকি ভেন পাওয়া যাচ্ছিল না। কথাতেই বুঝতে পারছিলাম নার্সের অভিজ্ঞতা নেই। ক’দিন আগেই আসানসোলের সৃষ্টিনগরে একটি বড় বেসরকারি হাসপাতালের রোগী মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যদপ্তর কমিটি গঠন করে তদন্ত শুরু করেছে। এসিপি পিন্টু সাহা বলেন, শুক্রবার রাতে অন্ডালের ঘটনায় পঞ্চায়েত প্রধানের আত্মীয় সহ চারজন গ্রেপ্তার হয়েছে।
সম্পর্কিত সংবাদ