Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রোগীর ব্লাড প্রেসার মাপছেন নিরাপত্তারক্ষী!

রোগীর ব্লাড প্রেসার মাপছেন নিরাপত্তারক্ষী!
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হলদিবাড়ি: হলদিবাড়ি স্টেট জেনারেল হাসপাতালে রোগীর অজান্তে সিকিউরিটি গার্ডকে দিয়ে চলছে রোগীদের ব্লাড প্রেসার মাপা। শুধু তাই নয়, নিরাপত্তারক্ষীরাই গ্ৰুপ-ডি কর্মীর কাজ করছেন। কর্মীর অভাব বলেই মাঝেমধ্যে নিরাপত্তারক্ষীদের দিয়ে এমন কাজ করানো হচ্ছে, জানিয়েছেন বিএমওএইচ ডাঃ সত্যেন্দ্র কুমার। বিষয়টি খোঁজ নিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সিএমওএইচ। 
Advertisement
একমাস আগে হলদিবাড়ি হাসপাতালে পাঁচজন সিকিউরিটি গার্ড নিয়োগ করা হয়েছে। প্রতিদিন দু’জন করে নিরাপত্তার দায়িত্বে থাকেন। তাঁদের মধ্যে একজন হলদিবাড়ি গ্ৰামীণ হাসপাতাল এবং আরএকজন হলদিবাড়ি স্টেট জেনারেল হাসপাতালে ডিউটিতে থাকেন। গ্রামীণ হাসপাতালে রোগী ভর্তি রেখে চিকিৎসা চললেও স্টেট জেনারেল হাসপাতালে শুধু আউটডোর পরিষেবা আপাতত মিলছে। কিন্তু একমাস পেরিয়ে গেলেও একজন বাদে বাকি চারজনের কেউই সিকিউরিটি গার্ডের ইউনিফর্ম গায়ে চাপান না। ফলে তাঁরা সিকিউরিটি গার্ড, না হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত কাজে নিযুক্ত কর্মী তা রোগীদের পক্ষেও জানা সম্ভব নয়। এঁরাই রোগীদের প্রেসার মাপছেন, আবার গ্ৰুপ-ডি কর্মীর কাজ করছেন। 
কোচবিহার জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, হলদিবাড়ি হাসপাতালে তিনজন চিকিৎসক রয়েছেন। যদিও আরও ছ’জন ডাক্তার প্রয়োজন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নার্স আছেন ১১ জন। তাঁদের মধ্যে দু’জন মাতৃত্বকালীন ছুটিতে আছেন। গ্ৰুপ-ডি কর্মী ১১ জন। এঁদের মধ্যে হলদিবাড়ি গ্ৰামীণ হাসপাতালে আটজন ও স্টেট জেনারেল হাসপাতালে তিনজন ডিউটিতে থাকেন। কর্তৃপক্ষের দাবি, প্রয়োজনের তুলনায় সব পদেই লোকবল কম। 
কোচবিহারের সিএমএইচ ডাঃ সুকান্ত বিশ্বাস বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে আমি বিএমওএইচের সঙ্গে যোগাযোগ করে জেনে নেব।  
সম্পর্কিত সংবাদ