সংবাদদাতা, রায়গঞ্জ: রায়গঞ্জ শহরে টোটো চলাচলের নতুন নিয়মের বিরোধিতায় টোটোচালকের একাংশ। শহরকে যানজট মুক্ত করতে টোটো চলাচলের ক্ষেত্রে পুরসভা নতুন নিয়ম লাগু করতে চলেছে ১ জানুয়ারি থেকে। যেখানে সকাল ৭ থেকে রাত ১০ টা পর্যন্ত শহরের টোটো শহরে চলবে। এবং গ্রামের টোটো গ্রামে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়মের বিরোধিতা করে বিক্ষোভ দেখালেন টোটো চালকরা। রায়গঞ্জের কর্ণজোড়ায় তাঁরা অবস্থান বিক্ষোভ করেন। টোটো চালকদের দাবি, পুরসভা যে নিয়ম করেছে তাতে তাঁরা সন্তুষ্ট নন। প্রয়োজনে তাঁদের কাছ থেকে ট্যাক্স নেওয়া হোক।
Advertisement
নতুন নিয়ম চালু হলে গ্রামের পণ্য তাঁরা শহরে প্রবেশ করতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। পুরপ্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, রায়গঞ্জ শহরের কথা মাথায় রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পুরপ্রশাসন, পুলিস প্রশাসন, জেলা প্রশাসন, বিধায়ক ও সব রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।



